একটি দেশের প্রধান শক্তি হচ্ছে তার যুব সমাজ। একটি দেশ গড়ে তুলতে সবচেয়ে বেশী অবদান থাকে সে দেশের যুব সমাজের। আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজে অবদান ছিলো যুব সমাজের। বর্তমানেও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে আমাদের যুবকেরা। তবে যে হারে তা হওয়ার কথা ছিলো ঠিক সে হারে হচ্ছেনা।
২০১১ সালের ঈদুল ফিতরের দিন একটি বেসরকারী টিভি চ্যানেলের সাক্ষাতকারে এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালককে অনেকটা দুঃখের সাথেই বলতে শুনি “আমার খুব দুঃখ হয় যখন দেখি যে বয়সে যুবকেরা দেশের জন্য কাজ করার কথা ঠিক সে বয়সে কিছু যুবক মাদকদ্রব্য খেয়ে ঘুমিয়ে থাকছে”।
অথচ যৌবনই হচ্ছে কাজ করার উৎকৃষ্ট সময়। আর কবির ভাষায় “এখনই সময় যুদ্ধে যাওয়ার”। আর সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যুব সমাজ খারাপ কাজে জড়িয়ে পড়ার মাত্রা দিন দিন যেন জ্যামিতিক হারেই বৃদ্ধি পাচ্ছে। আর এর একমাত্র কারণ হলো অপসংস্কৃতির আগ্রাসন এবং যুব সমাজের মধ্যে ধর্মীয় মূল্যবোধের অভাব। আর ধর্মীয় মূল্যবোধ ছাড়া সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা অসম্ভব।
এখন দেখা যাক থার্টি ফার্স্ট নাইটে আমরা যা করি এবং সে সম্পর্কে ইসলাম কি বলে?
মাদকসেবনঃ ইসলামে সকল প্রকার মাদকদ্রব্য সেবন হারাম করা হয়েছে। যারা বিশ্বাসী নন তারাও জানেন যে মাদকদ্রব্য স্বাস্থের জন্য কতখানি ক্ষতিকর।
আল্লাহ বলেন “হে ঈমানদারগণ ! এ মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক শরসমূহ এ সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানী কার্যকালাপ ৷ এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে।” (আল কুরআন- ৫:৯০)
আল্লাহ আরও বলেন “শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও নামায থেকে তোমাদের বিরত রাখতে৷ তাহলে তোমরা কি এসব থেকে বিরত থাকবে? আল্লাহ ও তাঁর রসূলের কথা মেনে চলো এবং (নিষিদ্ধ কাজ থেকে ) বিরত থাকো৷ কিন্তু যদি তোমরা আদেশ অমান্য করো, তাহলে জেনে রাখো, আমার রসূলের প্রতি শুধুমাত্র সুস্পষ্টভাবে নির্দেশ পৌঁছিয়ে দেবারই দায়িত্ব ছিল।” (আল কুরআন- ৫:৯১-৯২)
রাসূল (সা.) বলেন “সকল নেশা জাতীয় পানীয় হারাম।” (বুখারী ৯ম খন্ড, ইফা, পানীয় অধ্যায়, ৫১৮৫ নং হাদীস)
এছাড়াও হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) রেওয়াত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ "আল্লাহ লানত বর্ষণ করেছেন (১) মদের ওপর, (২) মদ পানকারীর ওপর, (৩) মদ পরিবেশনকারীর ওপর, (৪) মদ বিক্রতার ওপর, (৫) মদ ক্রয়কারীর ওপর, (৬) মদ উৎপাদন ও শোধনকারীর ওপর, (৭) মদ উৎপাদন ও শোধনের ব্যবস্থাপকের ওপর, (৮) মদ বহনকারীর ওপর এবং (৯) মদ যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার ওপর ।"
মোটকথা এমন কিছু যা খেলে বা পান করলে নেশার সৃষ্টি হয় তাকে ইসলাম হারাম সাব্যস্ত করেছে।
অশ্লীলতাঃ অশ্লীল কার্যক্রম যে কোনো উপায়ে হতে পারে। সেটা হতে পারে গান কিংবা নৃত্য ইত্যাদির মাধ্যমে। আর অশ্লীলতার মূল কারণ হলো মাদকদ্রব্য।
আল্লাহ বলেন “আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ”। (আল কুরআন- ১৭: ৩২)
আমরা দেখেছি এ পর্যন্ত যত থার্টি ফার্স্ট নাইট বা পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে প্রত্যেকটির কোনো না কোনো অনুষ্ঠানেই লাঞ্ছিতের শিকার হয়েছে নারী জাতি। অথচ তাদের জন্য কত সুন্দর বিধান দেয়া হয়েছে যা কেউ মেনে চললে লাঞ্ছিতের শিকার হওয়ার প্রশ্নই উঠে না।
আল্লাহ বলেন “হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।” (আল কুরআন- ৩৩: ৫৯)
এসব ছাড়াও আমরা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনে অনেক টাকা অপচয় করি। এই টাকা কি আমরা কোনো ভালো কাজে দান করতে পারিনা? এই টাকা দিয়ে কি কয়েকজন গরীব-দুঃখীকে পরিধেয় কাপড়-চোপড় কিনে দিতে পারিনা? একটা গরীব ছাত্রকে তার পড়া-লেখায় সাহায্য করতে পারিনা? কয়েকজন পথ শিশুর মুখে একবেলা খাওয়ার তুলে দিতে পারিনা? খোলা আকাশে শুয়ে থাকা মানুষদের মাঝে শীতবস্র বিতরন করতে পারিনা?
হ্যাঁ আমাদের পারতে হবে। আমাদের যৌবনকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। সাম্রাজ্যবাদীদের অপসংস্কৃতির বিষাক্ত টোপ যাতে আমাদের গলায় না বিঁধে সে দিকে সচেতন দৃষ্টি রাখতে হবে।
আমরা আজ নিজেদের ধর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্য ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি পালনে ব্যস্ত। ইংরেজরা সফল ভাবেই তৈরি করে গিয়েছিলো “শরীরে ভারতীয় উপমহাদেশীয় ও মন-মস্তিস্কে ইংরেজ এক জাতি”। যার ঘোর এখনো কাটেনি। আর এমনি অবস্থায় আমাদের উপর চেপে বসেছে আর এক ভূত।
তাই এখনই সময় সকল বিজাতীয় সংস্কৃতির মূলোৎপাটন করে নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজেকে শুধরে নিয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করার। আর কিয়ামতের দিন যে পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কাউকে এক কদম এগুতে দেয়া হবে না তার অন্যতম একটি প্রশ্ন হলো “নিজের যৌবনকাল কোন পথে ব্যয় করেছ?” তাহলে দেখা যাচ্ছে যে যৌবনকাল আমাদের জন্য কতখানি গুরুত্ব বহন করে?
অনেককেই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে দেখে আপনার হয়তো খারাপ লাগতে পারে এই ভেবে যে “ইশ আমিও যদি তাদের মত আনন্দ করতে পারতাম?” তাই আপনাকে বলছি, রাসূল (সা.) বলেছেন “দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত”। অর্থাৎ দুনিয়ায় মুমিন ব্যক্তিকে অনেক ধর্মীয় কাঠামোয় থাকতে হয় বলে মুমিন ব্যক্তির কাছে তাকে কারাগারের ন্যায় মনে হয়। আর কাফিরদের কোনো বাধা নেই বলে সে মনে করে এটাই আনন্দ করার একমাত্র জায়গা। অথচ আখিরাতের দিন সম্পূর্ন উল্টো চিত্র দেখতে পাবে কাফিররা। তাই মুমিন ভাইয়েরা আফসোস করার কিছুই নেই।
জেগে জেগে ঘুমানোর সময় শেষ। তাই আসুন এই থার্টি ফার্স্ট নাইটে আমরা নিজের আত্নসমালোচনা করার মাধ্যমে নিজের কৃত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে যেন ঐ ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয় সে জন্যে দোয়া করি এবং কুরআন-সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়ে তুলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

