আজকাল বিয়ে বাড়ী, জন্মদিন, নববর্ষ উদযাপনসহ যে কোনো অনুষ্ঠানে উঠতি বয়সী বা ভার্সিটি পড়ুয়া অথবা যুবকদের মধ্যে নেশাদ্রব্য পানের একটা আয়োজন থাকে। আর এ ক্ষতিকর কাজ থেকে তাদেরকে বিরত থাকতে বললে যে কথাটি তারা বলে উঠে তা হলো “সমস্যা নাই। আমরা তো প্রফেশনাল না; আমরা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে একটু খাই আর কি!”
এখন মূল কথা হচ্ছে বিষের কি কোনো লিমিট আছে? বিষ এক ফোঁটাও বিষ আর এক লিটারও বিষ। যতটুকুই প্রয়োগ করেন বিষক্রিয়া হবেই। আসলে যতই অনুষ্ঠানের যুক্তি দেখান কোনো লাভ নাই। অনুষ্ঠান এখন মাসে কম করে হলেও ১০-১৫ টা হয়। যেমনঃ নিজের জন্মদিন, ভাইয়ের জন্মদিন, নিজের আত্নীয় সজনের বিয়ে, বন্ধুদের জন্মদিন, বন্ধুর ভাই-বোনের বিয়ে ইত্যাদি।
এখন কেউ যদি মাসে ১০-১৫ টা অনুষ্ঠানে অংশগ্রহন করে আর অনুষ্ঠান উপলক্ষে নেশাদ্রব্য পান করে তাহলে কি এটা মাঝে মাঝে খাওয়া হলো? দেখা যাচ্ছে সে তো পুরাই একটা নেশাখোর হয়ে গেলো।
আমার অনেক বন্ধুকে আমি ধূমপান করতে দেখে বলেছিলাম দেখ আসলে তোরা ধূমপান করতে করতে শেষ পর্যন্ত নেশাদ্রব্য ধরে ফেলবি। কিন্তু তারা জবাব দিত "নারে ভাই, আমি প্রতিজ্ঞা করেছি ধূমপান করলেও জীবনে অন্য কোনো নেশা করবো না"। কিন্তু সময়ের ব্যবধানে আমি দেখলাম তারা কিভাবে মাদকসেবীতে পরিণত হয়েছে। আসলে ডাক্তাররা কি আন্দাজে কথা বলে? নিশ্চয়ই তারা গবেষণা করেই বলেছে যে “সিগারেট থেকে শুরু শেষ কালে হেরোইন”।
আসুন দেখা যাক কিভাবে তারা সিগারেট থেকে একজন তুখোড় নেশাখোরে পরিণত হয়। প্রথমে তারা স্মার্টনেস মনে করে ধূমপান করা শুরু করে। তারপর একসময় হয়ে উঠে তুখোড় ধূমপায়ী। তারপর কৌতুহলবসত অন্যান্য মাদকদ্রব্য গ্রহণ শুরু করে। তারপর বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে একটু একটু করে মদসহ বিভিন্ন প্রকার নেশাদ্রব্য পান ও খেয়ে থাকে। এখন যে কোনো উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করলে একটা আইটেম থাকে নেশাদ্রব্য। এভাবে ধীরে ধীরে মনের অজান্তেই আসক্ত হয়ে পড়ে ক্ষতিকর নেশাদ্রব্যে। এভাবে এমন সময় আসে যখন প্রতিদিনই ঐ নেশা না করলে তার ভালো লাগে না। অথচ এই ছেলেই দেখবেন একদিন কাউকে বলেছিলো যে ধূমপান করলেও সে কোনোদিন নেশা করবে না। তারপর যখন বিভিন্ন অনুষ্ঠানে একটু-আধটু করে নেশা করছিলো তখন হয়তো বলেছিলো “আরে আমাদের সমস্যা হবে না। আমরা তো প্রফেশনাল না; আমরা অনুষ্ঠান উপলক্ষে একটু খাই আর কি!!” এভাবে এমন একদিন আসে যখন তার নেশা ছাড়া চলে না।
আবার অনেকে আছে টার্গেট দেয়। দেখিস অমুক বছরের অমুক দিন থেকে আমি ধূমপান বা নেশাদ্রব্য খাবো না। আরে ভাই টার্গেটের কি আছে? আজকে থেকে কেন নয়? আজকেই নেশাদ্রব্য বা ধূমপান বাদ দিতে সমস্যা কোথায়? আপনার টার্গেটকৃত সময় আসতে আসতে হয়তো আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। বর্তমানে কে না জানে যে বেশীরভাগ দুরারোগ্য ব্যাধীর জন্য নেশাদ্রব্যই দায়ী। তাছাড়া পারিবারিক ও সামাজিক অশান্তির জন্যেও অনেকাংশেই দায়ী এই নেশা বা মাদকদ্রব্য। আজকাল যত চুরি, ডাকাতি, হাইজ্যাক, ছিনতাই ইত্যাদি অপরাধসহ বিভিন্ন জঘন্য অপরাধের জন্যেও দায়ী এই মাদকদ্রব্য। আমরা দেখেছি কিভাবে নেশার টাকা না দেয়ায় পুত্রের হাতে মা-বাবা খুন হয়। এছাড়াও আরও অনেক গুরুতর অপরাধ সংগঠিত হয় এই নেশা বা মাদকদ্রব্যকে কেন্দ্র করে।
ধর্মীয় ভাবেও নেশার প্রতি কঠোর নিষেধাজ্ঞা আছে। সকল ধর্মই নেশাকে স্বীকৃতি দেয়নি। বরং নেশাকারীর জন্য কঠোর শাস্তির বিধান রেখেছে।
ইসলাম মাদকদ্রব্যকে হারাম করেছে।
আল্লাহ বলেন “হে ঈমানদারগণ! এ মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক শরসমূহ এ সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানী কার্যকালাপ এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে”। (সূরা মায়িদাহঃ ৯০)
আবার অনেকে বলতে পারেন মদ হারাম কিন্তু অন্যগুলো সম্পর্কে তো কিছু বলা হয়নি। দেখুন এই ব্যপারটি রাসূল (সা.) এর হাদীস দ্বারা আরও পরিস্কার হয়ে যায়।
হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূল (সা.) কে “বিতা” (মধু থেকে তৈরী মদ) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো। তিনি (সা.) বলেন, সব নেশা জাতীয় পানীয় হারাম। (বুখারী, ইফা, পানীয় অধ্যায়-৫১৮৫)
আমরা সাধারণত যাকে মদ বলে চিনি তা ছাড়াও হাদীস থেকে মদের আরও একটি পরিচয় পাওয়া যায়।
ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উমর (রা.) বলেন, “আর মদ হলো তাই, যা বিবেক-বুদ্ধিকে বিলোপ করে দেয়”। (বুখারী, ইফা, পানীয় অধ্যায়-৫১৮১)
সুতরাং বুঝা গেলো যে কোনো পানীয় বা দ্রব্য যাই হোক তা যদি বিবেক-বুদ্ধিকে বিলোপ করে দেয় এবং নেশার সৃষ্টি করে তবে তা হারাম।
সুতরাং বাহানা ধরার কোনো সুযোগ নেই। নেশাদ্রব্যে ক্ষতি ছাড়া আর কোনো কল্যাণ নিহিত নেই।
হে বন্ধুগন তোমরা যারা নেশা করে যাচ্ছো তারা দুনিয়াতে প্রতিনিয়ত তোমাদের শরীরকে ক্ষতির সম্মুখীন করে চলছো যার ফল হয়তো এখন বুঝবে না। কিন্তু যখন বুঝবে তখন কিছুই করার থাকবে না। ততদিনে হয়তো তোমার লিভারের একটা অংশ কেটে ফেলে দিতে হবে, অথবা দুটো কিডনিই নষ্ট হয়ে যেতে পারে। অথবা তোমার বাল্ব প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় হয়তো থাকবে না। তাছাড়াও আক্রান্ত হতে পারো আরও অনেক নাম না জানা দুরারোগ্য ব্যাধিতে। এতো গেলো দুনিয়ার কষ্ট ভোগের কথা, আর পরকালে...?
তাই আসুন বাহানা বাদ নিয়ে নেশা বা মাদকদ্রব্য সেবন বন্ধ করি, মাদকদ্রব্যকে ঘৃণা ও বর্জন করি এবং যারা এর ব্যবসায় করে বা আনয়নের ব্যবস্থা করে অথবা তৈরী ও উৎপাদন করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করি। আর মাদকসেবীকে ঘৃণা না করে তাকে স্নেহ দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করি। তাকে একটি সুন্দর জীবনের পথ দেখাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

