আমি গতকাল জয়েন করেছি । কিন্তু ক্লাসে যাবো আজই প্রথম ।
গত কাল জয়েনিং লেটার নিয়ে এসে কাজে যোগ দেবার পর আধঘন্টা ধরে সব কলিগ দের সাথে পরিচিত হতে হয়েছে। এখনও কিছু বোঝা যাচ্ছে না, এঁরা ঠিক কেমন হবেন, আমিই সব টিচারদের মধ্যে সর্বকনিষ্ঠ।
- " তাতে কি ! ওনাদের আর আমার যোগ্যতা সমান। এখানে সবাই সমান। " - মনের ভেতরে নিজেই নিজেকে ধমকে উঠলাম আমি।
চাকরীজীবী হিসেবে প্রথমদিন। এর আগে যদিও ছোট খাটো টিউশনি, কোচিঙে পড়িয়ে হাত পাকানো হয়েছে, কিন্তু আস্ত ক্লাস, চল্লিশ- পঁয়তাল্লিশ জন ছাত্র -ছাত্রী, সামাল দিতে ঠ্যালা বেরিয়ে যাবে।
- " আমি নার্ভাস, এটা মোটেও বুঝতে দেয়া যাবে না। ” – টেনেটুনে শার্টের ভাঁজ শেষবারের মতো সোজা করে নিলাম।
- “ আজকালকার ছেলেমেয়েরা ফাজিলের বাসা ! এরা টিচারদের উপরে পর্যন্ত মজা নেয় ! প্রথমদিন কিছুতেই ফ্রেন্ডলি হওয়া যাবে না। ভারিক্কীভাবটা ধরে না রাখলে এরা পরে মোটেও পাত্তা দেবে না। ” – চারশো ছয়ে ক্লাস নিতে হবে, সে দিকে পা বাড়ালাম।
চার তলার ছ নাম্বার রুম খুঁজে পেতে বেশি কষ্ট না হলেও বুকের ভেতর হালকা ঢিবঢিব করছিলো আমার। একটা চেপে রাখা শ্বাস ছেড়ে পিঠ টানটান করে দরজা গলে ঢুকে পড়লাম আমি। চলতে থাকা হালকা গুঞ্জন থেমে গেলো।
- “ আমি তারেক-উজ-জামান, তোমাদের বায়োলজি ক্লাস নেবো আমি এখন থেকে ” – বোর্ডে খসখস করে নিজের নাম লেখা হলো।
এক সেকেন্ড থেমে কঠিন দৃষ্টি বুলিয়ে আনলাম প্রত্যেকটা মুখের দিকে। আমি যে হেলাফেলার পাত্র নই, সেটা চাহনীতে প্রকাশ করার চেষ্টা করলাম। বুকের ঢিবঢিবটা এতক্ষণে একটু হালকা হতে শুরু করেছে।
- “ আমার ক্লাসে কথা বলা চলবে না। লেকচার ফলো করবে, প্রত্যেকে খাতায় লিখবে, কোন প্রশ্ন থাকলে হাত তুলবে। ”
- “ তো আমরা শুরু করি। ” – প্রশ্ন নয়, কণ্ঠে কর্তৃত্ব ফুটিয়ে তুললাম ।
বোর্ডে চকের খড়খড়ে শব্দে লিখলাম - “HOST”.
পেইজ নাম্বার বলে দিলাম, সবাই বই খুললো। থার্ড বেঞ্চের রিমলেস চশমা পড়া মেয়েটি তার পাশের দুই ঝুঁটির কানে ফিসফিস করে কিছু বললো ।
- “ হোস্ট বা পোষক হচ্ছে একটি বডি, যা কোন পরজীবীকে পুষ্টি ও আশ্রয় দিয়ে বাঁচিয়ে রাখে ... ”
দুই ঝুঁটির কানে আবারও রিমলেস চশমার ফিসফিস । দুই ঝুঁটি খাতায় কিছু লিখলো ।
- “ প্রাণীজগতে হোস্টরা সাধারণত তাদের উপর নির্ভরশীল পরজীবীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ...”
আবারও ফিসফিস, আবারও খাতায় কিছু লেখা। এরা দুইজন কি লিখে লিখে আড্ডা দিচ্ছে না কি?
- “ হোস্ট এবং পরজীবীর খুব কমন একটা উদাহরণ দিই, মশা ও মানুষ। মশা মানুষের শরীর থেকে রক্ত নিয়ে বেঁচে থাকে, আবার মশার মাধ্যমে নানান রোগ ... অ্যাই মেয়ে ... তোমার সমস্যা কি ??? দাঁড়াও, দুইজনেই দাঁড়াও। ”
- “ তখন থেকে দেখছি তুমি ওর কানে ফিসফিস করছো। আমার ক্লাসে নিজেদের মধ্যে কথা বলা আমি একদম সহ্য করবো না। তোমাদের রোল কতো ? ... কথা বলতে ইচ্ছে করলে যাও, বের হও, বাইরে যেয়ে কথা বলো। নিজেরাও পড়ছো না, বাকিদেরও পড়তে দিচ্ছো না তোমরা দুইজন। ”
- “ কি হলো, বের হচ্ছো না কেনো ?? যাও যাও, বের হও, বাইরে যেয়ে যত ইচ্ছা কথা বলবে। ”
রিমলেস চশমার চোখে মুখে অদ্ভুত একটা দৃষ্টি ফুটলো। অনেকটা হোস্টের শরীরে ঘিনঘিনে পরজীবীর দিকে মানুষ যে ভাবে তাকায়, সে রকম।
দুই ঝুঁটির চোখে টলটল করছে পানি। সে আমার দিক থেকে মাটির দিকে তাকালো। টুপ করে এক ফোঁটা পানি পড়লো বেঞ্চের উপরে।
ফার্স্ট বেঞ্চের গোল চেহারার মেয়েটি মুখ খুললো, - “ স্যার, তিন্নি কানে ভালো শুনতে পায় না। রুহি তাই আপনার কথা গুলো ওকে বুঝিয়ে দিচ্ছিলো। ”
- “ আমাকে বললেই পারতো ! ”
- “ স্যার, আপনার প্রথমদিন বলে ও বলতে লজ্জা পাচ্ছিলো । রুহি গল্প করছিলো না স্যার, তিন্নিকে হেল্প করছিলো । ... ”
MAY 14th 2013.
(প্রথম ক্লাস নেবার অভিজ্ঞতা)
আজকে আমি খুব বড় একটা ভুল করেছি। আর তারপর সেটাকে বাড়তে দিয়েছি। তিন্নি মেয়েটির কাছে আমার সরি বলা উচিত ছিলো।
আমি আমার কনফিডেন্স এর অভাবের জন্য কর্তৃত্ব নিতে চেয়েছিলাম। স্কুলের গেটে পা দেয়া মাত্র সব কিছু নেগেটিভলি নেয়া শুরু করেছিলাম। কলিগ দের দেখে ভেবেছি আমাকে জুনিওর ভেবে পাত্তা দেবে না, স্টুডেন্টদের কথা ভেবেছি আমাকে নিয়ে ফিসফাস করবে। বেশি পারসোনালি নিয়ে ফেলেছি সবকিছু।
সামনে যা হচ্ছে সেটা ভালো করে না দেখেই স্বিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। মেয়ে দুটো আড্ডা দিলে অবশ্যই তাদের আচরণ অন্যরকম হতো। একদম ঠিক করি নি। এর পর থেকে নতুন ক্লাসে গিয়ে সবার সাথে আলাদা করে পরিচিত হতে হবে। তাহলে কারো এ ধরণের সমস্যা থাকলে, আমি ধরতে পারবো।
একজন শিক্ষক হিসাবে কাজটা ঠিক হয় নি, একদম ঠিক হয় নি। আহারে মেয়েটা । আমার সরি বলা উচিত ছিলো। মেয়েটা তার সমস্যা নিয়েও অন্য দশজনের সাথে পাল্লা দিয়ে আগাচ্ছে, অন্যদের চেয়ে তার দশগুণ বেশি পরিশ্রম করতে হয়।
আমি একজন শিক্ষক। আমাকে হতে হবে হোস্টের মতো। আমার থেকে ছেলেমেয়েরা শুধু লেকচার শুনে বাড়ি যাবে না। আমার থেকে সব কিছু শিখবে ওরা, কার সাথে কিরকম আচরণ করতে হয়, সব।
আগামীকাল থেকে ওরা আমাকে দেখে শিখবে, কাল থেকে আমার প্রতিটা ছাত্রর মন মানসিকতা গড়ে তোলার জন্য আমি হবো একজন আদর্শ হোস্ট।
[সমাপ্ত]
উৎসর্গঃ আমার একটা ছোট্ট আম্মুকে। আম্মু, তুমি লড়াই করছো, চালিয়ে যাও। তুমি সবার চেয়ে অনেক বেশি পরিশ্রম করো। কে কি ভাবলো সেটা ভেবো না। আমরা সবাই তোমার সাথে আছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

