বর্ষা ভাবনা
ফরিদ উদ্দিন মোহাম্মদ
একটি কদমের বিনিময়ে একটি চুম্বন
দু’টির বিনিময়ে তোমার উষ্ঞ একটি কদম চুম্বন
তিনটি কদমের বিনিময়ে তোমার দু’টি
উর্বরা ঘ্রানময় কদমে চুম্বন
চারটির বিনিময়ে একাকী দু’জনে বর্ষা বরন;
আমার হুবহু মনে আছে কদম কদম বিনিময়ের
এমন অদ্ভুত খেলার কথা,
কত আষাঢ়ে চলেছিল এমন...
আজ বর্ষা নেই ঋতুতে, ক্যালেন্ডার থেকে
কাটা পড়ে গেছে একটি ঋতু ;
যেভাবে তোমার ঠেঁট থেকে কাটা পড়েছে আমার ঠোঁট;
দিন দিন সবকিছু বদলে যায় পালাবদলের খেলায়
উয়ারী বটেশ্বরে গড়ে ওঠে ধুলার পাহাড়
হাজার বছর পরে তা হয়ে ওঠে নতুন সভ্যতা
তবুও রয়ে যায় সেই পুরোনো মুদ্রা বা
ধাতুর কতিপয় নিদর্শন ;
কালের খেয়ায় ভেসে ভেসে সব’ই চলে যায়
আচ্ছা, লক্ষিন্দরের বাসর ঘর কেন রয়ে যায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


