প্রথম পর্ব
৩
ভৌতিক ঘটনাগুলো ঘটবার বিশেষ ক্ষণ বা প্রহর আছে। এগুলো ঘটে হয় একেবারে নিরালা দুপুরবেলায়, অথবা ভরসন্ধ্যায়, ভরা পূর্ণিমা বা অমাবস্যায়, কিংবা রাত্রির মধ্য অথবা শেষ প্রহরে।
এই ক্ষুদ্র জীবনে ভূত-প্রেতের বহু লোমহর্ষক ঘটনার কথা কুটিমিয়া শুনেছে, যা শুনতে শুনতে তার শরীরের পশম খাড়া হয়ে যেতো। কখন কিভাবে এগুলো ঘটে তার অনেক কিছুই তার জানা। গাবগাছের এ ঘটনাটি ভরদুপুরেই ঘটেছে, কাজেই গুঞ্জর আলী যে সত্যিকারের গুঞ্জর আলী নয় তা হলফ করেই বলা যায়।
এমন ভরদুপুরে ঘরের বার হওয়া কুটিমিয়ার জন্য নিষেধ ছিল বহুদিন। এমনি আরেক নিঝুম দুপুরে ভীষণ একটা অতিভৌতিক ব্যাপার ঘটেছিল। সেবারও সে প্রাণ-রক্ষা পেয়েছিল।
দুপুরের ঠাটা রোদ। কোথাও এক ফোঁটা বায়ু নেই। গ্রীষ্মের লাংগলচষা মাঠগুলো ধু-ধু আর খাঁখাঁ করছিল।
কুটিমিয়ার ছিল ঘুড়ি উড়ানোর প্রচণ্ড শখ। সেদিন সকালবেলা তার ছোটো চাচা একটা বিশাল ঘুড়ি বানিয়ে দিয়েছিল। ঘুড়িটা সকালে বানালেও তখন সে উড়াতে পারে নি, তার কাছে মাত্র সাত-আট হাত সুতা ছিল। এতো অল্প সুতা দিয়ে ঘুড়ি উড়ানো যায় না। ঘুড়ি উড়াতে দীর্ঘ, সরু ও শক্ত গুটি সুতা লাগে। সুতার মাথায় বাঁধা ঘুড়ি ডানা ঝাঁপটে উর্ধ্ব আকাশে উঠে ছোট্ট পাখিটির মতো ডিগবাজি খায়, গুত্তা কাটে। বিকেলে দূরের মেঘুলা বাজার থেকে ফেরার সময় ছোটো চাচা সুতা নিয়ে আসবে। এই সুদীর্ঘ সময়ের অপেক্ষা তাকে কেবলই যন্ত্রণা দিতে লাগলো। স্কুলে যেতে তার মন চায় নি, তবুও গেলো। ক্লাসে বসে প্রবল আগ্রহ আর উত্তেজনায় ছটফট করলো; বইপত্র নাড়াচাড়া করলেও মন পড়ে রইলো প্রাণপ্রিয় ঘুড়িটার কাছে- যদি এমন হয়, বাড়ি ফিরেই দেখে সুতা পেঁচানোর ছোটো কাঠিটায় কোনো এক জিনের বাদশা সুতায় ভরে দিয়ে গেছে, বইখাতা ছুঁড়ে ফেলে এক দৌড়ে ঘুড়ি নিয়ে বেরিয়ে পড়বে, জিনের বাদশাকে সে পনর পয়সার বাতাসাও দিবে।
ছুটি শেষে বাসায় ফিরে কুটিমিয়া হতাশ চোখে দেখে, তার শুকনো কাঠিটার গায়ে পুরোনো সাত-আট হাত সুতাই পেঁচানো রয়েছে।
কিন্তু তাকে ঘুড়ি উড়াতেই হবে। সে ভীষণ অস্থির হয়ে পড়লো। উত্তেজনার যন্ত্রণা চেপে রাখতে না পেরে ঘুড়ি আর সুতার কাঠি নিয়ে ঘর থেকে বেরিয়ে হাওয়া হয়ে গেলো।
কিন্তু ঘুড়ি উড়ানো ভীষণ দায় হলো। একটুও বাতাস নেই, একটা শিমুল তুলা পর্যন্ত ওড়ে না।
অবশেষে এক অভিনব কায়দায় এতোটুকুন সুতা দিয়েই কুটিমিয়া ঘুড়ি উড়ানো শুরু করলো। সুতার মাথায় ঘুড়ি বেঁধে কাঠি হাতে ক্ষেতের লম্বা আইল ধরে সে দৌড় দেয়, অমনি সুড়সুড় করে ঘুড়ি ওপরে উঠে যায়। যেই না চাঁদি বরাবর উঠে এসে স্থির হয়ে দাঁড়ায়, অমনি সে হাত থেকে সুতার কাঠিটি ছেড়ে দেয়। বাতাসহীন শূন্যে দুদিকে ঢেউ খেলতে খেলতে অল্প একটু দূরে গিয়ে অতি ধীরে ঘুড়ি ক্ষেতের ওপর নেমে পড়ে।
কুটিমিয়া আবার আগের মতো কাঠি হাতে আইল ধরে জোরে দৌড় শুরু করে, ঘুড়ি মাথার ওপরে আসামাত্র কাঠি ছেড়ে দেয়। নীরব গুত্তা খেতে খেতে অলসভাবে মাটিতে নেমে আসে ঘুড়ি। কুটিমিয়া দেখে এ এক দারুণ মজা তো! ঘুড়ি উড়ানোয় এমন মজা সে জীবনে পায় নি।
এভাবে ছয়বারের মতো সে বাতাসহীন নিম্ন আকাশে ঘুড়ি উড়ালো। সপ্তমবারের মাথায় এক অত্যাশ্চর্য ঘটনা ঘটলো। আগের মতো অলস ঢেউ খেলে ঘুড়ি নিচে নামলো না, এক অদ্ভুত উলটো ঘটনা ঘটতে লাগলো। ধীরে ধীরে সেই ঘুড়ি ওপরের দিকে উঠতে থাকলো। আশ্বিনের ক্লান্ত দুপুরে অলস চিল যেমন বৃত্তাকারে ঘুরতে ঘুরতে উর্ধ্বাকাশে উঠতে থাকে, মৃত গরু ভক্ষণ শেষে শকুনেরা যেমন গোলাকারে উড়তে উড়তে অদৃশ্য হতে থাকে, কুটিমিয়ার ঘুড়িটাও ঠিক সেভাবে উর্ধ্বাকাশের দিকে ধাবিত হতে থাকলো। দেখতে দেখতে ঘুড়িটি উত্তর আকাশের দিকে বহু ওপরে উঠে গেলো।
এরূপ দৃশ্যে কুটিমিয়া প্রথমে খুব মজা পেয়েছিল। সে ভেবেছিল, ঘুড়িটা হঠাৎ কোনো ঘুর্ণি বাতাসের মধ্যে পড়েছিল, যার ফলে এভাবে ওপরের দিকে উঠে গেছে, একটু পরই নিচে নেমে আসবে।
কিন্তু একটু পরও যখন ঘুড়ি নামলো না তখন সে হতবাক হয়ে গেলো; যখন বেশ ওপরে উঠে গেলো তখন তার হঠাৎ মনে হলো অনেক সাধের ঘুড়িটি আর নিচে নেমে আসবে না, আর তখনই সে গলা ছেড়ে চিৎকার জুড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে উত্তর দিকে দৌড়াতে শুরু করলো- আমার গুড্ডি উইরা গেলো গা- আমার গুড্ডি...গুড্ডি...। দৌড়াতে দৌড়াতে সে বার কয়েক হোঁচট খেলো, ক্ষেতের শক্ত ইটার ওপর পড়ে তার হাঁটু ছুলে গেলো, বুক ছুলে গেলো, গোড়ালি মচকে গেলো। শেষবার মাটিতে পড়ে গিয়ে সে যখন তৃষ্ণায় হাঁপাচ্ছিল, হঠাৎ কোথা থেকে এসে তাকে উঠিয়ে কোলে তুলে নিল পাশের বাড়ির মতির মা বুড়ি। বুড়ির বুকের সাথে মিশে গিয়ে অর্ধ-অজ্ঞান অবস্থায়ও সে আকাশের দিকে আংগুল উঁচিয়ে দুর্বোধ্য ভাষায় তার অতি আদরের ঘুড়িটা উধাও হয়ে যাওয়ার কথা বলতে লাগলো।
তার পরের কোনো কিছুই সে আর ঠাওর করতে পারে নি। যখন সে চেতন হলো তখন অনেক রাত হয়ে গেছে। চোখ খুলে তাকিয়ে দেখে তার বাবা-মা, চাচা-চাচি, ফুফু-দাদি সবাই তাকে ঘিরে বসে আছে, সবাই কেমন কাঁদ-কাঁদ হয়ে তার মুখের দিকে তাকিয়ে।
কুটিমিয়ার বাবা নালমিয়া তাকে কোলে তুলে বুকে জড়িয়ে নেন। বলেন, 'তরে তো আর পাইতাম নারে বাজান, আর পাইতাম না।' তারপরই হাউমাউ করে কেঁদে ওঠেন। কিন্তু কুটিমিয়া বাবার এভাবে কেঁদে ফেলার কারণ ঠিক বুঝে উঠতে পারে না; সবাই কেন তাকে ঘিরে এভাবে মলিন মুখে বসে আছে তা-ও আন্দাজ করতে পারে না। সে অবাক চোখে সবার দিকে তাকিয়ে থাকে।
ক্রমশ...
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



