“নীলপদ্ম যত্ন করে রাখিস”,
লিখতে গিয়েও কি মনে করে যেন
কম্পিত হাতে সে লিখেছিলো
“নীলপদ্ম যত্ন করে রাখিও”।
‘স’ আর ‘ও’ এর মিশেলে, মিলনে
কি এক জগাখিচুড়ী সৃষ্টি হয়েছিলো
তা ঢাকা পরে গিয়েছিলো
নতুন এক সম্ভাবনা সৃষ্টির উল্লাসে।
কিছু দূরে, মাথা নত করে সারে পনেরোর যে মেয়েটি দাড়িয়েছিলো,
কটা হার্ট বীট তার মিস হয়েছিলো সেদিন,
গুনে রাখেনি সে।
শুধু জীবনের আরো পনেরোটি বছর পার করে আসতে আসতে,
ক্ষমার বিশালতায় অথবা
নীরব কিছু অশ্রু বিসর্জনের বিনিময়ে সে বুঝেছে,
যে নীলপদ্ম সে গোপনে লুকিয়েছিলো সেদিন
তার দেখা সে পেয়েছিলো সেই পনেরোটি বছর আগেই,
প্রথম আর শেষবারের মতো, ঐ একবারই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


