হুমায়ূন আহমেদ বরাবরই আমার প্রিয়।মাঝখানে কিছুদিন হুমাহূন আহমেদকে ফাউল লেখক বলার একটা চল এসেছিল।আমি তখনও তার লেখা পড়তাম।তার বই পড়া মানে সেই বইয়ের আগ-গোড়া সব পড়া।কোনো দাড়ি কমাই যেন বাদ না যায়।সেদিন বসে বসে বাদশা নামদারের প্রিফেসটা পড়ছিলাম।সেখানে একটা কথাকে খুব দামী মনে হল।লেখাটা এমন ছিল,
“আমার নিজের নাম হুমায়ূন হওয়ায় ক্লাস সিক্স-সেভেনে শুধু নামের কারনে আমার মধ্যে একধরনের হীনমন্যতা তৈরী হয়।সেই সময় পাঠ্যবইয়ে মোঘল ইতিহাস ছিল খানিকটা,তাতে শের-শাহ’র হাতে হুমায়ূনের একের পর এক পরাজয়ের কাহিনী।হুমায়ূনের পরাজয়ের দায়ভার খানিকটা আমাকে নিতে হয়েছিল।ক্লাসে আমাকে ডাকা হত হারু হুমায়ূন।কারণ আমি শুধু হারি।আমি কার কাছে হারি?মহান সম্রাট শের শাহ’র হাতে-যিনি ঘোড়ার ডাকের প্রচলম করেন,গ্রান্ডটাংক রোড বানান।আমি শুধু পালিয়েই বেড়াই।হায়রে শৈশব!”
এইটুকু লেখা পড়ে আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেল।আমিও শৈশবে প্রচন্ড হীনমন্যতায় ভুগেছি।আমার গায়ের রঙ কখনই দুধে আলতা ছিল না।আমি কালো!এই নিয়ে আমার সেকি বিপদ!বিপদ থাকাটাই স্বাভাবিক।কারণ আমার আম্মু-আব্বু দুইজনই প্রায় সিনেমার নায়ক-নায়িকা ধরনের চেহারার অধিকারী ছিলেন।তাদের মেয়ের এই চেহারা কিভাবে হল সেটাই একটা বড় চিন্তার বিষয়!অনেক গবেষনার পর বের হল,আমি আমার খালার মত দেখতে।তার মত কোকড়া চুল,তার মত রঙ ইত্যাদি ইত্যাদি।ছোটবেলা থেকেই আমাকে নিয়ে এই অতি গবেষনা আমার ভালো লাগত না।
আমার বয়স যখন পাচ-ছয় তখন মাঝে মাঝেই আমাকে একটা প্রশ্নের মুখোমুখি হতে হত।তা হলঃ
“তোমার মা-বাবা কত্ত সুন্দর!তুমি দেখতে এত কাল হলে কিভাবে?”
এই প্রশ্নের কি উত্তর করা উচিত আমার তা জানা ছিল না।আমি বোকার মত হাসতাম আর ভিতরে ভিতরে চুপসে যেতাম।মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে পাউডার মেখে ভাবতাম,আসলেই কি আমি খুব কালো?
একটু বড় হওয়ার পর এটা নিয়ে একবার খুব কেদেছিলাম আম্মুর সাথে।আম্মু তখন বলেছিল, “তুমি দেখতে বড় হলে আমার মত হবা।দেখো!এখন কারো কথা কানে নেয়ার দরকার নাই।”
আমি আম্মুর এই কথা একদমই বিশ্বাস করিনি।এটা আসলে বিশ্বাসযোগ্য কথাও না।আমি আম্মুর মত সুন্দরী হওয়ার আশা করলে সেটা হয়তো আরো বোকামী হয়ে যেত!
ক্লাস সিক্স-সেভেনে পড়ার সময় আমিও হুমায়ূন আহমেদের মত পালিয়ে বেড়ানো শুরু করলাম।বাসায় মেহমান আসলে ভুলেও তাদের সামনে যেতাম না।কেউ টানাটানি করেও আমাকে তাদের সামনে নিতে পারত না।স্কুল-টিচার আর গল্পের বই বাদে আর কোনো পৃথিবী আমার ছিল না।এই ভয়াবহ নিসঙ্গতার কারণ একটাইঃআমি কালো!
গল্পের বই খুব পড়তাম।ক্লাস সেভেনে গল্পগুচ্ছ,শেষের কবিতা,দুই বোনের মত লেখা পড়তাম।হয়তো বুঝতাম না তেমন।তবুও পড়তাম।কারন আমাকে সময় পার করতে হবে।বারান্দাতেও যেতাম না।যদি আবার কেউ আমার কালো চেহারাটা দেখে ফেলে!!
একটা সময় খুব অদ্ভুত কিছু কাজ করতাম।এমন কোন গল্পের বই পড়তে চাইতাম যেখানে নায়িকার গায়ের রঙ কালো কিংবা নায়িকা অসুন্দর।শরৎচন্দ্রের অরক্ষনীয়া গল্পটা বেশ ভাল লেগেছিল।নায়িকা আমার থেকেও দেখতে বাজে!আহ কি যে শান্তি!!!কত বার যে ঐ গল্পটা পড়তাম!
এই গল্পটা পড়তে পড়তেই ভিতরে হয়তো আত্মবিশ্বাস জন্ম নিচ্ছিল।ক্লাসের সবার সাথে মেশা শুরু করলাম।ভাল করে তাকিয়ে দেখলাম,ক্লাসের অনেক মেয়েরই প্রায় আমার মত রঙ।
ষোল বছর বয়স হওয়ার আগে আমি কখনও শুনিনি আমার চেহারায় কোনো সুন্দর অংশ আছে।এস-এস-সি পরীক্ষার সিট পড়েছিল ধানমন্ডি বয়েজে।পরীক্ষা শুরুর আগে হঠাৎ এক অপরিচিত মহিলা এসে আম্মুকে বলল, “এইটা কি আপনার মেয়ে?”আম্মু বলল-জ্বি
মহিলাটা বলল, “আমি কয়েকদিন ধরে আপনার মেয়েকে দেখেছি।আপনার মেয়ের চোখটা বেশ সুন্দর।”
মহিলার কথা শুনে আমি তড়াক করে মহিলার দিকে তাকালাম।এই মহিলার চেহারা হয়তো আমি জীবনে ভুলব না।উনি আমার অত্মবিশ্বাস সেদিন বহুগুন বাড়িয়ে দিয়েছিলেন।কেন তিনি এটা করেছিলেন জানিনা।
কিন্তু সেদিন বাসায় এসে আমি প্রথমেই আয়নায় নিজেকে দেখেছিলাম।সেই একই চোখ।কোন পরিবর্তন দেখিনি!সব আগের মতই।
একটু সামান্য প্রশংসা যে আমার ভিতর কত পরিবর্তন এনেছিল তা আমিই জানি!এরপর থেকে আমার এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি আমি অসুন্দর।
একটা সময় যে কালো বলে আমার হীনমন্যতা ছিল তা আমি মাঝে মাঝেই ভুলে যাই।বাদশা নামদারের প্রিফেস পড়ে সেটা আবার মনে পরল।
লেখাটা পড়ে মনে হল, হুমায়ূন আহমেদকে বলি, “হীনমন্যতায় অনেকেই ভোগে।সেটা কাটাতে সবাই পারেনা।আপনি পেরেছিলেন কিনা আমি জানি না।কিন্তু আমি পেরেছি।আমি হয়তো এদিক দিয়ে আপনার থেকেও শক্তিশালী!!!!”
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



