প্রেম প্রেম খেলা অনেক খেলেছি বুঝলি,
বুকের বোতামে জড়িয়েছে তোর চুল,
হাতের রেখায় আড়চোখে যেটা খুঁজলি
ভ্যালেন্টাইন নাকি এপ্রিল ফুল?
"আই লাভ ইউ" "ডারলিং" "সুইট-হার্ট"
গোলাপী নীলের রাইটিং প্যাড ভর্ত্তি,
ভুলে যাওয়াটাও, ভুলিস না, বড় আর্ট
মনে রাখলেই, ওরে বোকা ছেলে, মরতি।
জানি ভাবছিস,-------"দুঃখের লাক্সারী,
সিওর এ ব্যাটা 'হাফসোল' কেস হবে
নাচতে না জেনে উঠোনের সাথে আড়ি,
ঠিক করে বল, কেস খেয়েছিলি কবে?
মালকড়ি বস্ খসেছিল নাকি খুব?
আইনক্স আর ক্যাফে কফি ডে'র আ্যপো,
শেষে 'honey' বুঝি মেরেই দিলেন ডুব?
দই খেয়ে গেল অন্য পাড়ার নেপো?"
ফর্মুলা ছাড়া ভাবিস না কেন কিছু?
শোন শোন ওরে 44 এর দল,
ওয়ান ট্র্যাক'এই চলিস মনের পিছু
মাঝে সাঝে কিছু অন্য কথাও বল।
হাফসোল নয়, লস্টকেস আছে বুকে
ডুব তো মারেনি মধু আর মধুমক্ষী,
কর্কট রোগে শেষ পেরেকটা ঠুকে
পালিয়ে এসেছি, বোঝেনি রে কাকপক্ষী।
প্রতি বছরের ভ্যালেন্টাইন ডে
এসেছে এবার'ও, বুকের বোতাম ফর্সা,
ভূলে যেতে তোকে, ভূলে যাব আজ মেয়ে
অকালে নামুক অসময় ভরা বর্ষা.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


