পাশে বসিয়া থাকা খালাতো বোনের হাত ধুইবার প্রয়োজন পড়িল। আমি জানালা দিয়া বাহিরে চাহিয়া আছি বিধায় আমাকে জিজ্ঞাস করিল আমাদের জানালা বরাবর নিচে কেহ আছে কিনা। আমি নাই বলিয়া আশ্বস্ত করিবার পর, যেইমাত্র পানি ঢালিল, সেইমাত্রই কোথা হইতে এক ব্যক্তির ওই স্থান দিয়া হাঁটিয়া যাইতে হইল।
ফেরী পার হইলাম মোটামুটি নির্বিঘ্নে। আকাশ ভরা তারা দেখিলাম, নদীর মাঝে মাঝে আলো জ্বলিয়া স্রোতের উপর কাঁপিতেছে, বাতাসে আমরাও কাঁপিতেছিলাম এবং এরই মাঝে ভেটকি মারিয়া কিছু ছবি তুলিলাম যাহাতে ফ্ল্যাশের আলো পড়িয়া আশেপাশের দৃশ্য না উঠিয়া হাস্যকররূপে শুধুই আমাদের চেহারা উঠিল
বাস চলিতে লাগিল। পথিমধ্যে তন্দ্রামত আসিয়াছে, হঠাৎ এক উৎকট আওয়াজে ধড়মড় করিয়া উঠিয়া বসিলাম! সামনের সিটে বসা লোকের মোবাইল বাজিতেছে এবং তা না ধরিয়া ঘুমাইয়াই আছে। তাহার সঙ্গী তাহাকে জাগাইতে চাহিলে সে ফোন বাহির করিয়া সঙ্গির হাতে দিয়া কহিল বন্ধ করিতে। আমাদিগের ঘুম তখন ভাঙ্গিয়া চুরমার। তখন আরেকটি ফেরীঘাটে পৌঁছাইয়াছি। আমরা তিন কন্যা একত্রে হইলে যাহা হয়, জগতের অকিঞ্চিৎকর বিষয়ও অসাধারণ মনে হইতে থাকে এবং কারণে অকারণে নানান বিষয়ে মন হাস্যরসে পূর্ণ হয়।
সামনের মোবাইলের মালিক তাহার কন্যাকে ফোন দিলেন। ভাবিতে পারেন, অপরের ব্যাপারে আমার নাক গলাইবার স্বভাব। কিন্তু ঘটনা ভিন্ন। উৎকট রিংটোন সম্পন্ন মোবাইলের মালিক, বিকট লাউডস্পিকার ছাড়িয়া কথা কহিতেছিলেন। সকল শব্দ ছাপাইয়া উহার কথোপকথনই কর্ণমূলে আঘাত হানিতেছিল।
ইহার মাঝে আমার এক ভগ্নীপতি ফোন করিয়া জানাইল উহারা পৌঁছাইয়া আরেক হোটেলে উঠিয়াছে এবং আমাদের জন্য রুম বুকিং দিয়াছে। কোন এক কনফারেন্সের জন্য আমাদের যে হোটেলে উঠিবার কথা উহা পাওয়া যায় নাই। ওহ, বলা হয় নাই বোধকরি, আমরা ঢাকা হইতে কুয়াকাটা যাইতেছিলাম। আমাদের আরেক বোন আর তাহার পরিবারবর্গ খুলনা হইতে আগেই গিয়াছে।
সেই ব্যক্তি ততক্ষণ কথা চালাইতেছে, খুব সম্ভব এইবার তাহার স্ত্রীর সহিত। তাহার এক সদা হাস্যমুখ (সদা কেলাইতেছেন বলিলেই যথাযথ হইত) সঙ্গী কথা কহিতে চাহিলে সানন্দে মোবাইলখানা হস্তান্তর করিলেন। উক্ত বান্ধবও উচ্চৈস্বরে কথা কহিলেন। ফোনে 'ভাবি'কে ভর্ৎসনা করিলেন তিনি কেন তাহার স্বামীকে টাকা দেন নাই। গর্বের সহিত জানাইলেন, উহার স্ত্রী চাকুরী করেন না, তবুও উনাকে পাঁচহাজার টাকা দিয়াছেন কেনাকাটা করিবার জন্য। অপরপক্ষের মানুষটি কিছু একটা কহিয়া থাকিবেন। উত্তরে মুখ ভরিয়া হাসি বিস্তৃত করিয়া কহিলেন, "না না সে চুরি করবে কেন। আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে" আরো জানাইলেন ইহার পূর্বেও দুইবার আঠারো-বিশহাজার টাকা স্ত্রীর নিকট হইতে পাইয়াছেন। মেজাজ খারাপের চূড়ান্তসীমায় পৌছাইলাম।
পথিমধ্যে তাহাদের আরো সঙ্গীসাথি আরেক ফেরীতে উঠিবার পূর্বে বাস হইতে নামিয়া বাস ফেল করিলেন এবং বাসসুদ্ধ লোককে বসাইয়া রাখিয়া কতক্ষণ পরে ট্রলার নিয়া আসিলেন। উহাদের চিল্লাপাল্লা হইতে বুঝিলাম উহারাই সেই ব্যক্তিবর্গ যাহারা কনফারেন্সে আসিয়াছে্ন এবং যাহাদের কারণে আমরা হোটেল পাই নাই। সেই হাস্যমুখ ভদ্রলোক(!) শিক্ষিত হইয়াও যৌতুক নিতেছেন এবং দুনিয়াব্যপী প্রচার করিয়া বেড়াইতেছেন চিন্তা করিয়াই তীব্র বিবমিষা বোধ হইল।
যাহাই হউক সর্বমোট পাঁচটি ফেরী পার হইয়া আমরা অবশেষে প্রায় বার ঘন্টার ভ্রমণ সমাপ্ত করিলাম।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




