ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, আর তেমনি খাঁটি বাঙালিও তাই থাকে।
দুইদিনের বিদেশ ভ্রমণেও ভাতের আশায় প্রাণ কাঁদে।
সেইদিন প্রবাসী এক আন্টি ফোন করলেন। তার ছোট্ট ছেলেটা নতুন অনেক কথা বলা শিখেছে। আমার সাথে কথা বলতে চাইল। আমেরিকান টোনে 'Hi' বলে কথা শুরু করার পর ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলতে লাগল আন্টির মত বরিশালের সুরে! এ এক অদ্ভুত ফিউশন!
যাই হোক, আন্টি ফোন করায় মনে পড়ল, প্রথম প্রথম নিউইয়রক যাওয়ার পর তার বড়ই কষ্ট আর মন খারাপ। কারণ, আন্টি কিছুতেই বটি ছাড়া তরকারি, মাছ, মাংস কাটতে পারেন না। আমার মা নানানভাবে বোঝালো এইভাবেই অভ্যস্ত হতে হবে কিছু করার নেই। কিন্তু কে শোনে কার কথা। যে-ই দেশ থেকে ওখানে যায় খবর পান, তার কাছে বারবার করে বটি পাঠিয়ে দিতে বলেন। কেউ নিতে রাজি হয় না। একদিন আন্টির বাবা বিশাল সাইজের ধারালো চকচকে বটি নিয়ে হাজির! জানা গেল, ওনাদের এক পরিচিত কিছুদিনের জন্য দেশে এসেছেন, উনি ফিরে যাওয়ার সময় কিছু জিনিসপত্র (অবশ্যই ইলক্লুডিং বটি!) নিতে রাজি হয়েছেন। আন্টির লিস্ট মত অন্য জিনিসপত্র, জামাকাপড় কিনে দিলাম। আমরা বাজি ধরলাম, সব নিতে পারলেও এয়ারপোর্টে নিশ্চয়ই ওই বস্তু আটকে দেবে।
দুইদিন পর খুশিতে গদগদ আন্টির ফোন, বটি দিয়ে নিমেষের মাঝে কিভাবে সব কাজ করে ফেলছেন তার বর্ণনা! এই না হলে বাঙালি!
এরও বেশ আগের আরেকটা ঘটনা। আমার আব্বাজানকে প্রায় প্রতিবছর ইউকে যাওয়া লাগে। আব্বু পিএইচডি করতে প্রথমবার যাওয়ার পর ওখানে এক পরিবারের সাথে বেশ সখ্যতা গড়ে ওঠে। তখন আব্বু যাবেন খবর পেয়ে তাদের এক আত্মীয় বললেন সামান্য কিছু জিনিস তারা পাঠাতে চান। আঙ্কেলকে আসতে বললেন।বিকালের দিকে ডোরবেল শুনে দরজা খুলে দেখি সেই আঙ্কেল হাসিমুখে দাঁড়িয়ে আছেন, হাতে একটা বদনা!!
জয়তু বাঙালি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




