ড্রাগনফ্লাইয়ের আবির্ভাব ঘটছে
আমাদের আকাশেও!
রেশমি সুতোয় বাঁধা থাকবে না শান্তি?
ডানার কী বিস্তার, নিস্তার পাবে না কেউ?
এর দাঁত আর নখে বিষ
হিংস্রতায় করে হিস হিস
চারদিকে আতঙ্ক ছড়িয়ে কালো-হিম নামে
জলে ও ডাঙায় ক্ষত দিয়ে কী রাঙায়?
তুরপুন ঘুরানোর যন্ত্র - মন্ত্র শুনে ফেলে দিচ্ছি!
রংধনু দেখতে দেখতে ধনু হারিয়ে ফেলছি!
বাদনে বাদনে মাথা নুয়ে অভিবাদনে
ব্যস্ত হয়ে কীসে ন্যস্ত হয়ে পড়ছি?
সিগন্যালম্যানের ঘুমটি-ঘরে থাকবে শুধু
ড্রাগনফ্লাইয়ের সহযোগী উড়ুক্ক সরীসৃপ?
এরা শুধু মাংসাশী নয় - উদ্ভিদভোজীও
স্বাধীনতা-মানবতা কুপি দিয়ে খোঁজিও!
বিষাক্ত নিশ্বাস ও লেজের কাঁটায় - এ যম কোথায় যে পাঠায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





