দাসপাড়া লালপুর থেকে দূরে নয়
সেখানেই করি বাস।
নাম আমার অনন্তদাস।
ভুলে যাই কোনটা অগ্রহায়ণ মাস!
এখানে নদীর পাড়ে -- মেঘনার পাড়ে
ডাঙ্গি তৈরি করি,
বাঁশ দিয়ে জাল দিয়ে পাঁচদিকে ঘেরাও
যে পানিতে মাছ ধরি --সেই পানিতেই
মাছ কেটে ধুই,
মাছগুলো শুকানোর তাড়নায় ডাঙ্গিতেই তুলি।
মেঘনার পাড়ে গড়ে ওঠে কত ডাঙ্গি
সেখানে নিজেরা নিজেদের ভাঙ্গি
তবুও আকাল
বাদলসন্ধ্যার মধ্যে পড়ে গিয়ে আরও তমসায়
পুঁজিপাঁটা সংগতি হারাতে হারাতে
মনে হয় আমিও ডাঙ্গিতে আজ উঠি !
দাসপাড়া মানে নিম্ন আয়
দাসপাড়া মানে বণিকেরা আসে যায়,
দাসপাড়া মানে চ্যাপা শুটকির গন্ধ
দাসপাড়া মানে পুঁটি মাছের আনন্দ,
দাসপাড়া মানে মাছ শুকানোর মাঠ
দাসপাড়া মানে আরো দূরে ফেরিঘাট,
দাসপাড়া মানে মহিলার শ্রম-ঘাম
দাসপাড়া মানে নেই বৈশাখে উদ্দাম,
দাসপাড়া মানে গ্রামীণ ব্যাংক-ব্রাক-আশা এবং প্রশিকা
দাসপাড়া মানে অন্যের সলতে নিয়ে জ্বালাই ঘরের শিখা।
তরঙ্গহীন যখন উপকূল -- তখন আমিও
দাসপাড়ায় হই সর্বশান্ত,
ঐশ্বর্য হারিয়ে মাছ থেকে আমিও রূপান্তরিত
সিধল শুঁটকিতে,
শুধু কি আওলা মাছ থাকে মটকায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



