ঘূর্ণিজল
___________
দুকূলভাঙা প্লাবনে
বানভাসি হয়ে কোনখানে আসি?
পাঁকের ভেতর পড়ে গিয়ে কাদামাখা হয়ে
এবারও কি চারণভূমির খোঁজ পাবো না?
ঘোর বর্ষণেরকালে অঝোরধারায় কেঁদে কেঁদে
দুঃখক্লিষ্ট হয়ে বন্যাপীড়িত হয়ে
আবারও ঘূর্ণিজলে খড়কুটো হয়ে ভেসে যাবো?
রাঙামেঘ
____________
রাঙামেঘ আজ রাঙিয়ে তুলেছে
রজনীজলের দেখা হবে
স্থলজাত-ধুলোমাখা থাকা যাবে না এখন
কাঁকুরে মাটিও ভিজে যাবে
অগ্নিদগ্ধ জীবাশ্মও আজ প্রাণ ফিরে পাবে
জল ভেঙে ভেঙে যাওয়ার বর্ষণমুখর সাহসটুকু
হাঁটু ভেঙে পড়বে না!
মরুময়
_______
মরুময় থেকে মধুময় হওয়ার জলোচ্ছ্বাস
আজ কোনখানে নিয়ে যাবে?
হিমগিরি এলাকায় আজ বৃষ্টিপাত
নিজের প্রান্তর ছেড়ে কোনখানে যাই?
সে-কি অকূলপাথার!
নদীখাত থেকে কোন সমুদ্রহৃদয় টেনে নেয়?
জলের হৃদয়
____________
অবশেষে মেঘজমা হলো
অতঃপর আকাশভাঙা বৃষ্টি
বালুচর ডুবে গেল!
আমি কাদামাখা হয়ে ঘরে ফিরি
বালুকাবেলার চেয়ে
মজাপুকুরের চেয়ে
জলপ্রবাহ কি ভালো নয়?
জলের হৃদয় জাগে আর এক হৃদয়ের মাঝে
তরঙ্গতাড়ন সাঁঝে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




