লোকাল বাসের মধ্যে গরমে সিদ্ধ হওয়ার পর ভীষন খারাপ লাগছিলো। বাসস্টপ এসে যাওয়ায় ভীড় ঠেলে নীচে নামতে না নামতেই হঠাৎ মাঝবয়সী এক ভদ্রলোক রাস্তার মাঝে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। সবাই ধরাধরি করে পাশের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানালেন ভদ্রলোক হিটস্ট্রোকের স্বীকার।
অসহ্য গরমে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। তবুও এতটুকু বসে থাকার সুযোগ নেই। তীব্র গরমের মধ্যেও জরুরি প্রয়োজনে অনেককেই পরিশ্রমের কাজ করতে হয়। লোডশেডিংয়ের কারণে ঘরের ভেতরেও এখন অনেক গরম। যে গৃহবধূ বা মা চুলায় রান্না বসিয়েছেন, তিনিও গরমে অতিষ্ঠ। আবহাওয়ায় তাপমাত্রা যত বাড়তে থাকে, বাড়তে থাকে শরীরের তাপমাত্রাও। সাধারণভাবে শরীরের এ তাপ ত্বক ও ঘামের মাধ্যমে দেহ থেকে বের হয়। ফলে দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে। কিন্তু যখনই অত্যধিক গরম পড়ে, তখন শরীর এই তাপ নির্গমন প্রক্রিয়াটিকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না। তখনি সৃষ্টি হয় হিটস্ট্রোকের মতো জটিল সমস্যা। প্রচণ্ড গরমে উত্তপ্ত শরীর খুব দুর্বল হয়। বমির উদ্রেক, মাথাব্যথা, শরীর ঝিমঝিম করা, সমগ্র শরীর কষে আসা, খিঁচুনি, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণের প্রকাশকেই হিটস্ট্রোক বলা হয়।
সমস্যাগুলো হঠাৎ করেই দেখা যায়। এটি একটি ‘অতি জরুরি অবস্থা’। দেখা দেয় মারাত্মক পানিশূন্যতা। খেলোয়াড় বা রোদে যারা কায়িক পরিশ্রম করেন (ভ্যান-রিকশা-ঠেলাগাড়ির চালক, হকার, কৃষক আগুনের কাছে কাজ করেন এমন যে কেউ), তারাই বেশি আক্রান্ত হন। শিশুরা রোদে দৌড়ঝাঁপ করার সময়ও আক্রান্ত হতে পারে। সাধারণত যাদের হƒদ্রোগ, ফুসফুসের রোগ, কিডনির সমস্যা, ঘর্মগ্রন্থির কার্যকারিতায় সমস্যা আছে, তাদের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার হার বেশি দেখা যায়। এ ছাড়া খেলোয়াড়, স্থূল স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি এবং যারা রোদের মধ্যে অধিক সময় শারীরিক পরিশ্রমের কাজ করেন, তারাও এই সমস্যার শিকার হয়ে থাকেন।
হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াযুক্ত, ঠাণ্ডা স্থানে নিয়ে যেতে হবে। পুরো শরীরে ভেজা তোয়ালে বা ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে। ফ্যানের ব্যবস্থা করতে হবে। রোগীর বগলে, ঘাড়ের নিচে ও কুঁচকিতে বরফের টুকরা দিতে পারলে ভালো। অবস্থার উন্নতি না হলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। রোগীকে অবশ্যই কোনও ধরনের জ্বরের ওষুধ (প্যারাসিটামল) দেওয়া যাবে না।
হিটস্ট্রোক এসময়ের একটি ‘জরুরি পরিস্থিতি’ যেহেতু মানুষটির দেহে তাপ আটকে গিয়ে একপর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়েন, তাই রোগী মারা যেতে পারেন। এমনকি স্থায়ীভাবে পঙ্গু হতে পারেন। তাই গরমে সাবধান হতে হবে হিটস্ট্রোকের মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। একটানা রোদে কাজ করা যাবে না। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। সব রকম ফলের রস, ডাবের পানি, লেবুর শরবত, বেলের শরবত পান করা উপকারী। এসব ফলমূলের ভিটামিন ও খনিজ মস্তিষ্কের তাপনিয়ন্ত্রক কেন্দ্রকে উদ্দীপিত রেখে আপনাকে হিটস্ট্রোক থেকে বাঁচাবে।
এই গরমে খাদ্য তালিকায় সহজপাচ্য খাবার যেমন ভাত, টাটকা শাকসবজি, ভর্তা, ছোট মাছ, ডাল ইত্যাদি রাখা উচিত। কোনওভাবেই তৈলাক্ত খাবার, অতিরিক্ত মশলা, ভাজাপোড়া খাওয়া ঠিক হবে না। আর বাইরে বের হওয়ার সময় সুতির ঢিলেঢালা পোশাক বেছে নিন। সঙ্গে রাখুন ছাতা, সানগ্লাস আর একটি ঠাণ্ডা পানির বোতল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




