জুমা'র নামাজ পড়ে মসজিদের সাথে লাগোয়া কবরস্থানের পাশে দাঁড়ালাম গতকাল। নতুন একটি কবর হয়েছে। একেবারে কাঁচা কবর। সেই কবরের সামনে দাঁড়িয়ে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছেন এলাকার সবচে' সম্পদশালী মানুষটি। যার সম্পদের পরিমান হাজার কোটি টাকারও বেশি।
একটু দূরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন বয়স্কমত একজন লোক। চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ে সফেদ দাড়ির আড়ালে হারিয়ে যাচ্ছে তার। পাঞ্জাবির হাতা দিয়ে খানিক পর পর চোখ মুচছেন তিনি। হয়তো এই গোরস্থানেই চির দিনের মতো শুয়ে আছেন তার কোন আপনজন। হয়তো বা নতুন যে কবরটি দেখা যাচ্ছে, হতে পারে সেটি তার কোন প্রিয় জনের কবর।
একটু পরেই যোগ দিলেন আরো কয়েকজন। এইখানটায় দাঁড়ালেই যেন সবাই কেমন হয়ে যান।
নীরবে তাদের পাশে দাড়িয়ে পাঠ করলাম, ""আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মু'মিনিনা ওয়াল মু'মিনাত আনতুম লানা ছাওফুও ওয়া নাহনু লাকুম তাবাউওন ইন্না ইনশাআল্লাহ হা বিকুম লা হিক্কুন।"
চোখের কোণ দুটো ভিজে এলো যেন।
পাশের অনুভূতিশূন্য চোখ আর ভাবলেশহীন মুখগুলোর আড়ালে লুকিয়ে আছে রাজ্যের নিস্তব্ধতা। সবার চোখের সম্মূখে ফাঁসবদ্ধ কবর। দরজা নেই, জানালা নেই। চারপাশে শুধুই অন্ধকার আর সেই অন্ধকার ঘরে কীভাবে শুয়ে আছে প্রাণহীন নিথর মানুষ। একসময় যাদের প্রাণ ছিল। প্রাণ চঞ্চলত ছিল। আকাঙ্খা ছিল, আবেগ ছিল, জেদ ছিল, ভালোবাসা ছিল, অহঙ্কার ছিল, অনুভূতি ছিল, দু'চোখভরা স্বপ্ন ছিল।
আজ তারা কোথায়? বুকের উপর খানিক মাটি নিয়ে। সাড়ে তিন হাত ভূমি জুড়ে চিরদিনের মতো শুয়ে আছেন। হয়তো তিন কিংবা চার শ' গজ দূরেই তাদের কারো কারো স্মৃতি বহন করা বৃহৎ সুরম্য অট্টালিকা দাঁড়িয়ে আছে।
তাদের কপালে জুটেছে শুধুই সাড়ে তিন হাত ভূমি...
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




