শহীদের খুন মেখে আসে একুশে ফেব্রুয়ারি,
স্বাধীনতার বজ্র-কন্ঠ- সে কি ভুলিতে পারি?
অমর একুশ তুমি রক্তে কেনা মোর প্রত্যাশা,
জীবন বাঁচার সংগ্রামে তুমি আমার ভালোবাসা।
বরকত, সালাম, রফিক ও জব্বার-
জীবন দিয়ে রাখলে মান আমার বাংলার।
মায়ের মুখের মধুর বুলি- রক্তে ধুয়ে দিলে,
চলার পথে বাধা বন্ধন- সব উড়িয়ে নিলে।
প্রতিবার ফিরে ফিরে আসে জীবনের আশ্বাস,
দৃঢ় প্রত্যয়ে জীবন্ত হয় বায়ান্নের ইতিহাস।
বীর শহীদের রক্ত আকড়ে একুশ আমার আশা,
জনতার অযুত কন্ঠে আজি গর্জে বাংলা ভাষা।
আটই ফাল্গুনে রক্ত আকড়ে লিখিল যে নাম,
প্রহত প্রহরে মন-গহনে বরকত ও সালাম।
কালের গহনে বিলীন আজি- বায়ান্নের এই সাল,
শহীদ ভায়েরা ভুলিনি তবু- তোমাদের লুহু লাল।
একাত্তরে জীবন দিয়ে এনেছি স্বাধীনতা,
অমর একুশ তুমি আমার সেই মুখরতা।
একুশ আমার মায়ের কথা- বুকের ভালোবাসা,
একুশ আমার অযুত কন্ঠের অমর প্রত্যাশা।
রচনা কাল:
১৮ ফেব্রুয়ারি ১৯৭৬ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


