হুমায়ুন আজাদ,
তোমার মৃত্যু আমায় অপরাধী করে দেয়;
শুধু তুমি নেই বলেই সভ্য সমাজে আজ
আমি ও আমার মত ভণ্ড শব্দবেশ্যারা পায় কবির খেতাব।
রাষ্ট্র আমাদের দেয় পদ্ম ভূষণ, বিদেশী কাগজে ছাপায় আবর্জনা।
তুমি বেঁচে থাকলে কলমের খোঁচায় এফোঁড় ওফোঁড় করতে
আমার কবিতা লেখার দুঃসাহস।
থাকলে দেখে যেতে পারতে হাজার খানেক ব্লগার বারবার তোমার কথাই
ঘুরিয়ে ফিরিয়ে লিখছে।
"আমি পাকিস্তানকে ঘৃণা করি,
যখন তারা ফুল নিয়ে আসে তখনও......"
কিংবা
"শিশুরা কালসাপ চেনে কিন্তু বাঙালী জামাত চেনেনি......"
তবে হুমায়ুন, যদি তুমি আমাদের ছেড়ে চলে না যেতে
তাহলে হয়ত এবার সত্যিই জামাতকে বিদায় করতে পারতাম চিরতরে,
আফসোস বাঙালী আজাদ চেনেনি,
একশ বছর পরেও চিনবে না .........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

