এক পায়ে নুপুর তোমার,তোমার অন্য পা? - পুড়ে গেছে মানুষের পাপে ।
(এই পায়ে তোমাদেরই মত এক্কা দোক্কার সখ্য ছিল খুব ,
পরে অবশ্য তোমাদের সভ্যতা পা দুটো কিনে নেয় কলে !)
এক পায়ে নুপুর তোমার, তোমার শরীর?- ছিরে গেছে মানুষের লোভে।
(এই শরীরে তোমাদেরই মত আনন্দ বেদনার ঋতু ছিল সব,
পরে অবশ্য তোমাদের রাষ্ট্র শরীরটা ইজারা নেয় দাসখতে! )
এক পায়ে নুপুর তোমার, তোমার মুখ?- পিষে গেছে মানুষের ক্লেদে।
(এই মুখে তোমাদেরই মত আনন্দ- বেদনা ছবি আঁকত খুব,
পরে অবশ্য তোমাদের কোষাগার লুটে নেয় মুখটা হিসাব কষে! )
এক পায়ে নুপুর তোমার, তোমার হাত?- পচে গেছে মানুষের বিষে।
(এই হাতে তোমাদেরই মত গড়তো জীবন ক্লান্তি গিলে ফেলে,
পরে অবশ্য তোমাদের সমৃদ্ধি লিখে নেয় সেই হাত মোহরের প্রেমে!)
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




