সাড়ে ৯টায় বাসে উঠলাম নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। সৌভাগ্যক্রমে বসার জায়গা পেয়ে গেলাম। এই সময়টা দেরী করে অফিস যাওয়া মানুষদের পিক আওয়ার। তবে হ্যাঁ, যাদের অফিস ৯টার পরে তাঁদের কথা আলাদা। যাই হোক!! সিটে বসে আছি। অনেকে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা মানুষদের একজন শুনলাম ২-৩বার তাঁর ফোনের অপর প্রান্তে থাকা ব্যাক্তিকে ট্রাফিক জ্যামের কথা বলে দেরির কারণ বুঝাচ্ছেন। সেই ব্যাক্তি দেখলাম আমার পাশের ব্যাক্তিকে বলছেন, “বুঝছেন ভাই! ৯টায় অ্যাপয়েন্টমেন্ট। এখন এইখানে আটকায়া রইসি। এই জাম এর লাইগা কিচ্ছু করা যায় না।“ আমার পাশের লোকটিও তাঁর সাথে একমত পোষণ করলো। তারা দুজনে আরও কিছু বিষয়ে একমত হতে থাকলেন। দেশ এই জ্যাম এর জন্য পিছিয়ে যাচ্ছে। দেশের উন্নতি চাইলে এই জ্যাম সমস্যার সমাধান হওয়া উচিৎ। সরকার কাজের কাজ কিছু করে না। উল্লেখ্য যে আমি বাসে উঠেছি সাড়ে ৯ টায়। ৯ টায় অ্যাপইয়েন্টমেন্ট থাকা ব্যাক্তি উঠেছেন আমার পরে। যার কারণে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি যখন আরেক দফা বাসের আরেক লোককে তাঁর ৯ টার অ্যাপয়েন্টমেন্ট এবং ট্রাফিক জ্যাম এর নেতিবাচক দিক এবং দেশের দুর্দশা নিয়ে আলাপ শুরু করতে যাচ্ছিলেন।
তখন আমিই বেরসিকের মত বলে বসলাম, “আসলে সাড়ে ৯ টায় রওনা দিয়ে ৯ টার অ্যাপয়েন্টমেন্ট রক্ষা করাটা একটু মুশকিল ব্যাপার।“
আমার বেরসিক এর মত মাঝখানে কথা বলায় বক্তা এবং অগুনতি শ্রোতা(যারা কিছুক্ষণ পর দেশের বন্দনায় কিছুক্ষণের মধ্যেই বক্তা হয়ে উঠত) খুবই বিমর্ষ হয়ে গরমে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে চুপ করে দাঁড়িয়ে রইলেন। সব লোকের সামনে সব কথা বলা যায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



