"তুমি জানো না, নির্জন ফুটপাতে আনমনা তরুনীর পিছু নিতে নেই?
সেই একলা মেয়েটি তোমায় গুণ্ডা ভাববে
ভীত মেয়েটি ভড়কে গিয়ে বকে দেবে তোমায় কঠিনতম ভাষায়
তুমি জানো না এভাবে ভাল লাগা জানাতে হয় না?"
"তুমি জানো না, আমি বড্ড সোজা সাপ্টা?
তোমাকে চেয়েছি প্রথম দেখায় আর ভাবিনি আর কিছু
বলেছি, শোনো মেয়ে, লুটেরা, দস্যু যাই ভাবো ছাড়ছি না কিছুতেই
তুমি জানো না এভাবেই ভাল লাগা জানাতে হয়?"
"এতকিছু জানো? বেশ বেশ।
তবে জানো কি, ভীষন রাগী, নিষ্ঠুর সেই মেয়েটিরও মন আছে?
মনটা নিমিষেই ব্যথায় নীল হয়ে যায় ছেলেটির গোবেচারা মুখটা ভেবে?
জানো কি, মেয়েটি আবার ফিরে আসে?
ফুটপাত ধরে দাঁড়িয়ে থাকে মৃদু ভ্যাবাচ্যাকা
জানো কি, সে ক্ষমা চায়?"
"জানি।
কিন্তু তুমি কি জানো, ক্ষেপাটে পাগলা এই ছেলেটিরও অভিমান আছে?
জানো কি, ছেলেটি উল্টো পথের ফুটপাতেই দাঁড়িয়ে দেখে
মেয়েটির ফিরে আসা,
অনুতপ্ত কোমল মুখ,
করুনার্দ্র আনত চোখ
জানো কি, ছেলেটি করুণা চায় না?"
সোডিয়ামের আলোয় হঠাৎ সাদা পোশাক হয়ে যায় হিমু রং
রহস্যময় ধূম্রজাল বুনে দেয় সিগারেটের এক রাশ ধোয়া
ছেলেটি মিশে যায় টং দোকানের চাখোরদের আড্ডায়
মেয়েটি দাঁড়িয়ে রয় ঠায়
করুণা ও ক্ষমার ঝুলি নিয়ে কাঁধে...
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




