আইসিইউ।
চোখের জলে পিচ্ছিল করিডর, দীর্ঘশ্বাসে ভারী বাতাস আর প্রার্থনারত কয়েক জোড়া ওষ্ঠ-অধোর।
ভেতরে হাজারটা নল, মাস্ক আর জটিল যন্ত্রপাতিতে সজ্জিত সারি সারি অচেতন মানুষগুলোর যুদ্ধসাজ।
প্রতিপক্ষ মৃত্যু।
অতিপ্রাকৃত চশমাটা চোখে লাগিয়ে একটু এদিক ওদিক তাকালে দেখা যায় মৃত্যুর অসংখ্য পদচিহ্ন। সে এসেছে এখানে বারবার। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকেছে অপেক্ষায়...কখন মুমূর্ষু যোদ্ধা ক্লান্ত হয়ে একটু বিরতি নেয়! অমনি পাঁজকোলা করে তুলে নিয়ে যাবে এই পৃথিবীর বাইরে।
পথঘাট সব তার চেনা। মাঝপথে বাধা শুধু স্বজনের ভালবাসা আর নিরন্তর বিনিদ্র প্রহরা।
আর তাই এখানে কখনও ছাদ থেকে ঝুলে থাকে, কখনও খাটের নিচে হামাগুড়ি দিয়ে বেড়ায়, কখনও সেবিকার শুভ্র পোশাকের ভাঁজে ভাঁজে উঁকি দেয় মৃত্যু!
স্বচ্ছ কাঁচে ঘেরা এই ঘরের প্রবেশপথে অনেকগুলো নির্দেশনা ঝোলানো আছে। শুধু লেখা নেই "সাবধান, এখানে মৃত্যুর প্রবেশ নিষেধ।"
কেবল জীবানুনিরোধী নয়, মৃত্যুনিরোধী কোনও দেয়ালে ঘেরা কক্ষে আমার প্রিয় মানুষটিকে লুকিয়ে রাখতে অনুরোধ করছি, মাননীয় কর্তৃপক্ষ!
দয়া করে আইসিইউতে রাখবেন না, ওটা মৃত্যুর অভয়ারন্য।
ওখানে সে সোল্লাসে শিকার করে প্রতিনিয়ত...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




