স্রষ্টার কাছে এতদিন যার সুস্হতার জন্য সারাক্ষণ প্রার্থনা করতাম, আজ থেকে তার সুস্থতা আর কোনওদিন কামনা করব না। এখন থেকে বলতে হবে, "তাঁর আত্মাকে শান্তি দাও"! এখন তিনি আর কেউ নন। বিদেহী আত্মা মাত্র!
পৃথিবীর কোনও এক কোণায় আর স্থান দখল করে থাকবেন না। তাঁর বিস্তৃতি এখন পৃথিবীর সবটুকু আলোয়-ছায়ায়, বাতাসের সুক্ষ্ম কণায় কণায়....তিনি লীন হয়ে গেলেন পদতলে যে ভূমি সেই ভূমির মাঝে।
কোথায় গেলে পাব তারে?
বাতাসকে বুকে জড়িয়ে ধরব? নাকি আঁজলা পেতে নেব এক টুকরো আলো? নাকি কোনও এক নিঃশব্দ রাতে ফুটফুটে জোছনার মাঝে তার অবয়ব খুঁজে পাব?
আজ থেকে মনেহয় আমি আর মাটিতে পা রেখে হাঁটতে পারব না। ওই মাটির নিচেই যে শুয়ে আছেন আমার সবচেয়ে প্রিয় মানুষটা! আমার পায়ের শব্দে যদি তার ঘুম ভেঙে যায়? যদি কষ্ট হয় এতটুকু?
বেশি কিছু চাইনি।
তাঁর ফোকলা দাঁতের হাসিটা আর একবার দেখবার জন্যে বিলিয়ে দিতে রাজি ছিলাম আমার বাকি জীবনের সবটুকু হাসি, আনন্দ...
চেয়েছিলাম তাকে আমার সুখের দিনগুলোর ভাগী করতে। কোনও একদিন আমার সদ্যোজাত সন্তানকে তার কোলে তুলে দিয়ে বলতে চেয়েছিলাম, "এই যে নিন, আপনার নতুন দায়িত্ব!" - ঠিক যেভাবে একদিন আমাকে তার কোলে তুলে দিয়েছিলেন আমার মা।
আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে নিয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে চমকে দিতে চেয়েছিলাম। শিরাময়, শীর্ণ দুটি হাতের আর্শিবাদ মাথায় পেয়ে ধন্য হতে চেয়েছিলাম। তারপর দুজনে তার পায়ের কাছে বসে কোলে মাথা রেখে তার ছোটবেলার মজার মজার, প্রায় রূপকথার মত সেইসব গল্প, যা শুনে শুনে আমার শৈশব, কৈশোর কেটেছে , তা আবারো শুনতাম....
আর চেয়েছিলাম চক্রটা পূর্ণ করতে-
আমার প্রথম জীবনটা যার কাছে কাটিয়েছি, তিনি যেন তার শেষজীবনটা আমার কাছে কাটাতে পারেন। একদিন শিশু হয়ে যার কাছে গিয়েছিলাম, তিনিও যেন বৃদ্ধ বয়সে, প্রায় শিশু হয়ে আমার কাছে আসতে পারেন। আর আমিও তাকে শিশুর মত লালনপালন করতে পারি।
চাওয়াগুলো বোধহয় খুব দুরূহ ছিল। তাই পেলাম না!
জীবনে হয়তো আরও অনেক কিছু পাব, কিন্তু এই অতৃপ্তি ঘুচবে না কক্ষনো। কী যে দুঃসহ কষ্ট! এর বুঝি কোনও সীমা নেই, শেষ নেই, নিরাময় নেই....
শেষদিনগুলোতে তার স্মৃতি অকেজো হয়ে গিয়েছিল প্রায়। তাই মাঝে মাঝে অবুঝের মত প্রশ্ন করে বসতেন, "আমার বাবা কই? বাজারে গেছেন?"
তখন তার ভুলটা ধরিয়ে দিলে অবাক হয়ে বলতেন, "আবার বাবা নেই! বাবা মারা গেছেন?"
কাঁদতে শুরু করতেন পাগলের মত। পিতা হারানোর যন্ত্রণা আবার নতুন করে অনুভব করতেন, একেবারে টাটকা ক্ষতের মত। কী নির্মম!
কিন্তু পাঁচ/দশ মিনিট পরেই তা ভুলে যেতেন। স্বাভাবিকভাবে অন্য প্রশ্ন করতেন।
আমারও খুব ইচ্ছে করছে আমার স্মৃতিও যেন এমন অকেজো হয়ে যায়। যেন ভুলে থাকতে পারি তাকে হারানোর কষ্টটা...
যেন ভাবতে পারি তিনি বাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করে আছেন। ফিরে গেলেই দুষ্ট হাসি হেসে বলবেন, "শোন আপু, আমি তো আর বেশিদিন বাঁচব না, আমার যত সম্পত্তি আছে সব বিক্রি করে দিয়ে চল, তুই আর আমি দেশ-বিদেশ ঘুরে বেড়াই!"
আর আমিও তাকে নিয়ে মেঘের দেশে, ঢেউয়ের বুকে, পাহাড়ের চূড়ায়, গহীন অরন্যে ছুটে বেড়াই...ছুটে বেড়াই....
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




