শাহরুখ খানের উপর বেজায় চটেছেন জেনিফার লোপেজ। না হয় তিনি কলকাতায় আসার জন্য সামান্য কয়েকটা আবদারই করেছিলেন। তা বলে সারা দুনিয়ার কাছে সে সব ফাঁস করে দিতে হবে! লাতিনো সুন্দরীর ঝাঁঝে এখন জ্বলছেন শাহরুখের রেড চিলিজ -এর কর্মকর্তারা। সুন্দরীর রাগ না কমলে এমনকি বিদেশের আদালতে মোকদ্দমাতেও জড়িয়ে পড়তে পারেন বলিউডের বাদশা।
মঙ্গলবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল জে লো -র। কিন্তু জানা যায় তাঁর বেমক্কা আবদার মানতে চাননি শাহরুখের সংস্থা রেড চিলিজ। শেষ মুহূর্তে জে লো -র পরিবর্ত শিল্পী খুঁজতে রীতিমতো নাজেহাল হতে হয় কিং খান অ্যান্ড কোম্পানিকে। গত ২৮ মার্চ নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় জে লো -র ‘অন্যায় আবদার ’ নিয়ে ফলাও করে খবর ছাপা হয়। আর তাতেই চটে লাল মার্কিন পপ তারকা। লোপেজের ম্যানেজার বেনি মেদিনার দাবি রেড চিলিজ -এর পক্ষ থেকেই এই সব খবর ফাঁস করা হয়েছে। জে লো কলকাতা না আসার সিদ্ধান্ত নেওয়ায় তার প্রতিশোধ নিতেই রেড চিলিজ এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শাহরুখের কোম্পানিকে কড়া ভাষায় ইমেলও পাঠিয়েছে জে লো -র অফিস। প্রসঙ্গত, জেনিফার লোপেজের আইপিএল ৬ -এর উদ্বোধনে আসার সম্ভাবনার কথা প্রথম জানিয়েছিল গণমাধ্যমে কিন্তু তার পরই জে লো -র পক্ষ থেকে দাবি করা হয় আগামী ২ এপ্রিল যুবভারতীর অনুষ্ঠানে যোগ দিতে চার্টার্ড বিমানে আসবেন তিনি। সেই সঙ্গেই তাঁর ব্যক্তিগত শেফ, অন্তত ২০ জনের সাপোর্ট স্টাফ এবং তাঁর নাচের টিমের ৪৪ জনের থাকা খাওয়ারও বিশেষ ব্যবস্থা করার দাবি তোলেন জে লো। মেদিনা জানিয়েছেন, ‘জেনিফার সাঙ্ঘাতিক চটে গিয়েছেন। যে আলোচনা শুধু আমাদের সঙ্গে শাহরুখের সংস্থার মধ্যে হয়েছিল তা বাইরে গেল কী ভাবে? আমরাই নিজেদের সম্পর্কে এই সব আবোলতাবোল কথা সংবাদমাধ্যমকে জানিয়েছি এ কথা পাগলেও বিশ্বাস করবে না। সুতরাং স্বাভাবিক ভাবেই আমাদের সন্দেহের তির শাহরুখের টিমের দিকেই।’ আইনি নোটিস এখনও পাঠানো হয়নি, কিন্তু ভবিষ্যতের জন্য সব পথই খোলা রাখা হচ্ছে বলে সাফ জানিয়েছেন তিনি।
এমনিতে অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছে হরেক রকম বায়নাক্কা করা জেনিফার লোপেজের পুরোনো অভ্যেস। নিউ ইয়র্ক পোস্টে এই খবর প্রচার হওয়ার ফলে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি ওই পত্রিকার ওয়েবসাইট থেকে খবরটি সরিয়ে দিতে তত্পর হয় টিম জে লো। কিন্তু তার আগেই নেট দুনিয়ায় এই খবর রীতিমতো শোরগোল ফেলে দেয়। রেড চিলিজ -এর পক্ষ থেকে অবশ্য ‘ইচ্ছাকৃত ভাবে খবর ফাঁসের’ অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থার এক কর্মকর্তা জানালেন, ‘চুক্তি পছন্দ না হওয়ায় জে লো শেষ মুহূর্তে কলকাতা আসার সিদ্ধান্ত বাতিল করেছেন এ কথা ঠিকই।
কিন্তু তিনি চার্টার্ড বিমানে আসার দাবি করেছিলেন এমন দাবি সত্যি নয়। তাঁর ব্যক্তিগত শেফ, বাটলার, স্টাইলিস্ট এবং নিরাপত্তারক্ষী এবং তাঁর দলের সদস্যদের জন্য বিশেষ ব্যবস্থা করার দাবি করেছিলেন জে লো। তবে বিদেশে অনুষ্ঠান করতে গেলে এ সব দাবি তো এখন বলিউডের যে কোনও তারকাই করে থাকেন।’ ক্ষুব্ধ জে লো -র টিমের সঙ্গে তাঁদের ইমেল চালাচালির কথাও মেনে নিয়েছেন ওই কর্মকর্তা।
সূত্র ও ছবি: ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


