রাতের ছোঁয়ায় নিখাদ বৃষ্টি, আসবে আজি, আসবে আসুক।
আবার পৃথিবী শান্ত হবে,
বৃষ্টিধারায় ভিজবে যবে, আকুল হৃদয় ব্যাকুল হবে,
সি্নগ্ধ হবে অশান্ত মন, বৃষ্টি প্রয়োজন, আজ খুব বৃষ্টি প্রয়োজন।
আকাশ ভরা জ্যোৎস্না নিয়ে,
ঝরবে আজি বৃষ্টি মেয়ে, চাঁদের আলোর পরশ পেয়ে,
নব জীবনের প্লাবন আনুক, বৃষ্টি নামুক, আজ খুব বৃষ্টি নামুক।
ভিজাও বৃষ্টি রাতের পথিক,
প্রিয়ার অধর, কপালের টিপ, মেঘে মেঘে জ্বালো জ্যোৎস্নার দীপ,
আকাশ ভাসুক আলোর বন্যায়, বৃষ্টি চাই, আজ খুব বৃষ্টি চাই।
বন্দী নগরে জীবন্ত লাশ,
বৃষ্টি ছোঁয়ায় ফুটুক রক্ত পলাশ, হৃদয় শুদ্ধির এই অভিলাষ
পূর্ণ করো বৃষ্টি ভীষণ, বৃষ্টি প্রয়োজন, আজ খুব বৃষ্টি প্রয়োজন।
আবার একটা বৃষ্টি নামুক-
ভাবনা ব্যাকুল প্রিয়ার হৃদয় ভাববে আজি, আমায় ভাবুক।
*** এটা আমার একটা মনের আকুল বাসনা। একদিন ঝুম বৃষ্টি হবে পূর্ণিমার রাতে, চাঁদ ঢাকা পড়বে না তবু মেঘের আড়ালে, তবে কেমন হতো কে জানে। লেখাটি প্রথম পেইজে না আসার জন্য মার্ক করলাম, তবু যদি আসে 'ইগনোর ' করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




