বৃষ্টি আমাকে খুব টানে। এ টান হঠাৎ করে আসে নি। খুব ছোটবেলা থেকেই টানতো কিন্তু উপলব্ধি করা শুরু করি অনেক পরে। স্কুল থেকে পলিব্যাগ মাথার উপরে দিয়ে ভিজেভিজে বাসায় ফিরে আম্মার কত বকা হজম করতে হয়েছে। কলেজের সময়ে একখানা সাইকেলের সুবাদে প্রচুর বৃষ্টিস্নানের সৌভাগ্য হয়েছে। এইতো কয়েক বছর আগেও ভিজতাম মনের আনন্দে কিন্তু এখন আর পারিনা হয়তো বার্ধ্যকের দরুন পিছু হঠাচ্ছে। ডাক্তারের পরামর্শ, মানতেই হবে। চিরশত্রু হয়ে গেল প্রিয় বৃষ্টির পানি। মনের অজান্তে আমি প্রত্যেক ঋতুর বৃষ্টির পানির নামকরণ করে রাখি। দিনের কখন বৃষ্টি হলে মনে কী ধরনের অনুভূতি হয় তা খুব করে বুঝি। বৃষ্টির শব্দ আমার প্রতিনিয়ত আন্দোলিত করে, আমি হয়ে যাই প্রাণবন্ত। বৃষ্টির শব্দে সমস্ত আবেগ ত্বরান্বিত হয়ে সকল আবেগ ঘনীভূত হয়ে বাস্তবতার দিকে ধাবিত হয়। নিজের নিউরনগুলো কেমন অভ্যস্ত হয়ে গেছে বৃষ্টিরর সাথে। বৃষ্টি আসার আগেই ব্রেইনে সিগনাল চলে যায়, মনের মধ্যে একধরনের স্বস্তিকর অবস্থা বিরাজ করতে থাকে। বৃষ্টি শুরুর অসাধারণ মুহূর্ত খুব কম সময়-ই মিস করি।
আজ সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছিলো বৃষ্টিতে ভিজবো কিন্তু কর্পোরেট প্রতিবন্ধকতা আর ডাক্তারের পরামর্শ আমাকে পিছু হঠালো।বাহিরে বের হলাম কিন্তু সেই অদ্ভুত পোশাক আর সাথে বৃষ্টি নিয়ন্ত্রিত জ্যাকেট। আফসোস ভিজতে পারিনি কিন্তু তৃপ্তিকর বিষয় হলো- বৃষ্টির শব্দ থেকে আমাকে কেউ আটকাতে পারেনি। আমাকে কেউ রুখতে পারেনি।
আমি আনন্দিত।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




