ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক জানিয়েছেন, আক্রমণ প্রতিহত করতে গিয়ে হামলাকারীকে হত্যা করা যাবে,এবং এতে তাকে হত্যাকারী বলা যাবে না।
তিনি বলেছেন, ‘কেউ যদি গাড়ি ভেঙে দিতে আসে আপনি তাকে মেরে ফেলতে পারবেন। হামলাকারীদের দেখে পালিয়ে যাবেন না, তাদের প্রতিহত করুণ। আত্মরক্ষার খাতিরে পাল্টা আঘাত করতে পারবেন, এতে যদি হামলাকারী মারা যায়, আপনি হত্যাকারী হবেন না।’
রোববার রাজধানীর হোটেল রূপসী বাংলায় শিশুদের সংগ্রহ করা খবর নিয়ে শিশুদের জন্য একটি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র সব কিছুর অধিকার দেয় না। গণতন্ত্রের কারাগার আছে। সীমাবদ্ধতা আছে গণমাধ্যমের। তথ্য কোনো পণ্য নয়, সামাজিক বিষয়। সংবাদককর্মীদের সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে।’
শিশুদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শিশুরা দেশের হবু মালিক। ১৮ বছর হলেই তারা ভোট দেয়ার সুযোগ পায়। এদেশের জনসংখ্যার ৪০ ভাগ শিশু। তবে আমাদের দেশে শিশু অধিকার আইন, শিশু কমিশন নেই। এমনকি শিশু শ্রম বন্ধে কঠোর কোনো পদক্ষেপও নেই।’
দেশে চারটি যুদ্ধ চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী। যুদ্ধগুলো হচ্ছে- দারিদ্র্য দূর করার যুদ্ধ, পরিবেশের ক্ষতিকর প্রভাব দূর করার যুদ্ধ, জঙ্গিবাদ থেকে সংবিধান, গণতন্ত্র মুক্ত করা যুদ্ধ, লিঙ্গ বৈষম্য দূর করার যুদ্ধ। তিনি বলেন, ‘কঠিন যুদ্ধ চলছে। উন্নতি করলেই হয় না, ধনী-গরিবের বৈষম্য দূর করতে হবে। এ যুদ্ধে বিজয় অর্জন সম্ভব।’
চালু হতে যাওয়া জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতাতায় hello.bdnews24.com ওয়েবসাইটিতে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোররা কাজ করবে। ওয়েবসাইটের জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত থাকবে তারা। ওয়েবসাইটটি পরিচালনা করবে ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ২৪ডটকম ।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলনেভ, বিডিনিউজ২৪ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর ও সংসদ সদস্য বেবী মওদুদ, প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি প্রমুখ।
Source: http://www.dnewsbd.com/single.php?id=25073

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


