আমার জন্যে একটি বিকেল একটু সাজো
ঠিক যেমনটা সাজতে জানে আমার আকাশ
খানিকটা রঙ, খানিকটা মেঘ এদিক ওদিক ---
যেমন সজ্জা তোমার মাঝে পাইনি আজও।
আকাশ যেমন মেঘের তুলোয় শরীর ঢাকে
তেমনি আবার রোদের ছটায় শরীর রাঙায়
লুকিয়ে কী লাভ মিষ্টি নরম অনন্ত নীল,
লুকিয়ে কী লাভ গহীন কোমল শুন্যতাকে?
আমার জন্যে আকাশ হয়ে মেঘের কাজল
পারবে তুমি দুচোখ ভরে রাখতে কাছে?
পারবে চোখে একই সাথে
জল ও ঝিলিক
লুকিয়ে রেখে ... মিলিয়ে দিতে দ্বিধার পাজল?
আজকে নাহয় মেঘের রঙে শরীর ঢাকো
আজকে আনো বৃষ্টি চোখে, বিজলি ঠোঁটে
নাহয় একটু বইবে হাওয়া তোমার নীলে ---
আজকে
আমার আকাশ হয়ে
সঙ্গে থাকো।
(অগাস্ট 19, 2003)
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৬ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







