পূর্ণমুঠো শূন্য করি
আর হই
আবহাওয়াবালক
ঘাসে শুয়ে আসমানে মেঘপাল আনমনে চরাই
স্কন্ধারূঢ় দেবদূত অদূরেই ষোলগুটি খ্যালে
ঘুঘুদের সেনাদল আগলে রাখে হাওয়ার মরাই।
যাদুদন্ডে পাল্টে দেই বৃষ্টিচিঠি যাবার ঠিকানা
রোদের সর্দার গিয়ে অট্টহাস্যে করে লুটপাট
তোমার আদর্্রতা; আর কুয়াশাও পল্টি খাবে, ভাবে ...
ঘূর্ণিঝড় পন্ড করে রংধনুদলের কানসাট।
শিমুলের ফুল দ্যাখে ঈর্ষাভরে বুলবুলির লাল
ধানশালিকের ঠোঁটে রৌদ্ররং করে স্যাবোটাজ
দূরে যত অনাগত বসন্তের গ্যালি-ক্রীতদাস
চাবুক বাজিয়ে শোনে অসম্ভবের কারুকাজ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




