ইচ্ছে ছিল ঢাকা নিয়ে অন্য কিছু লেখার। কিন্তু সকালের বরষা আমার মনটাকে উদাস করে দিয়েছে! অনেক দিন পর-আজ সকাল বেলাতেই চারিদিক অন্ধকার করে রিমঝিম বৃস্টি হচ্ছে। আমার বাড়ির চারটা বারান্দায় অনেক প্রকার ফুলের টবে নানান ফুল ফুটেছে। যার পরিচর্যা আমি নিজেই করি। আমার ধারনা-কদমই বর্ষার প্রধান ফুল। কিনতু আমার মালিকানায় কোন কদম নেই। আমার বাড়ির পাশেই কদম আছে। শুধুই কি কদম? আরো অনেক ফুল ফোটে বর্ষায়; কেয়া ফোটে; কেতকী ফোটে, ভাঁট ফুল হয়-যা আমার নেই। বর্ষায় ফোটে বেলি, গন্ধরাজ, রঙ্গন, শাপলা, পদ্ম। বর্ষার নিজস্ব ফলও আছে, পেয়ারা, আমলকি, এইসব। আরো কতো ফল ফুল হয় বর্ষার আমরা তার নামও জানি না। বর্ষার ফুল যেমন ফোটে বনে, তেমনি ফোটে মনেও। বর্ষার ঠিক পরেই কাশ ফুলও ফোটে। বর্ষা হচ্ছে প্রস্ফুটিত ও অঙ্গুরোদগমের ঋতু। আরো অনেক ফুল হয়ত ফোটে বর্ষায়, আমরা সব সময় তার খোঁজও রাখি না, রাখা হয় না।
বর্ষায় প্রকৃতি পরিপূর্ণ হয়ে ওঠে। তার মধ্যে সঞ্চারিত হয় জন্মের সম্ভাবনা। বাংলার বর্ষার প্রকৃতি তুলনাহীন। অবিরাম অবিরল অফুরন্ত বর্ষণ পত্র-পুষ্পের সমাহার, অপার সবুজ, এসবের মধ্য দিয়ে জীবনকে এক আশ্চর্য মোহময় রূপে অনুধাবন করা যায়। বর্ষা আমার সবচেয়ে প্রিয় ঋতু। আমার জন্ম বর্ষায়। বর্ষা আমার জন্মঋতু, আমি জন্মেছি বর্ষায়, বর্ষা ঋতুর শুরুতে। এই ঋতুটিকে আমি আমার সমস্ত অস্তিত্ব দিয়ে অনুভব করি। মেঘ বৃষ্টি জলধারা জলচর প্রাণীদের উৎসব প্রকৃতি জুড়ে আনন্দের এক অভিনব আয়োজন, এ যে কত ফুল ফোটায়, কত পত্রপল্লব উপহার দেয়, রচনা করে কত কাব্য, সঙ্গীত, এই ধ্বনিময় নৈঃশব্দ, এ নির্জন কোলাহল, এই আমূল আচ্ছাদিত বৃষ্টিপাত, নতুন ধানের গন্ধ, নতুন ফুলের সৌরভ, মানব অস্তিত্বের সমগ্র চেতনাকে যেন ভরে তোলে, মানুষের সমস্ত সত্তা ছেয়ে যায়, উপচে পড়ে। এমন পূর্ণতা, এমন বিস্তার, এমন প্রসারতা, এমন গভীর গহন নিবিড় কোমল উপলব্ধি আর কোথায় পাবো? এই বর্ষা হচ্ছে জীবনের পরিপূর্ণতার একটি চিত্র, একটি বিশাল ক্যানভাস, যার শুরু আছে শেষ নেই। বর্ষা প্রকৃতির দিকে তাকিয়ে মানুষ তার জীবনের পূর্ণতা-অপূর্ণতাকে, প্রেম-বিরহকে কোনো না-কোনোভাবে অনুভব করতে পারে। বর্ষার প্রথম কদম, ছড়িয়ে পড়া তার রেণু; বিশুষ্ক বিবর্ণ রুক্ষ জীবনে অকস্মাৎ একটি অভিনব আস্বাদ এনে দেয়। প্রাণ ছুঁতে চায় প্রাণকে, শরীর ছুঁতে চায় শরীরকে, দেহে মনে জেগে ওঠে এক অপরূপ অজানা উচ্ছ্বাস। বর্ষা সৃষ্টিময়, কামময়; প্রাণীজগতের সকল তৃষিত চিত্তকে মিলনোন্মুখ আনন্দের জন্য অস্থির করে তোলে বর্ষা, কত যুগের ওপার হতে আসা এই বর্ষা যেন চির তৃষিত মানব-মানবীর হৃদয়কে সিক্ত ও শিহরিত করে। তাই মেঘদূতের কবি বিরহ কাতর যক্ষের হৃদয়বেদনা অনুভব করেন আপন অন্তরে। এই বর্ষার রূপ গন্ধ মুগ্ধতা বর্ণনা করা যায় না- "এমন দিনে তারে বলা যায়; এমন ঘনঘোর বরিষায়"।
বর্ষার চেয়ে এমন ভালোবাসার ঋতু আর কোনটি? বসন্তও। "আজি এ বসন্তে কত ফুল ফোটে"। বর্ষাই বসন্ত, বসন্তই বর্ষা। বাংলার বর্ষার মতো এত রূপময় এত গভীর এত সম্পূর্ণ বর্ষা কোথাও আর বোধহয় দেখা যায় না। আমার জীবনের শৈশব কৈশোর কেটেছে গ্রামে। আমি সেখানে দুই চোখ ভরে দেখেছি বর্ষার এই দিগন্ত বিস্তারি রূপ। অবিরাম বর্ষণধারায় সিক্ত হয়েছি, ফুলের গন্ধ আর মাটির গন্ধ একসঙ্গে বুক ভরে টেনে নিয়েছি। সারা রাত অবিরাম বর্ষনের শব্দ শুনেছি, গাছের পাতায় টিনের চালে। নতুন বর্ষার জল গড়িয়ে যাওয়ার খলখল শব্দ, সেই জলে খলবল করে ওঠা মাছের আনন্দ কিংবা নদীর জলে মাছের লাফিয়ে পড়ার দৃশ্য আমার সমস্ত চেতনার মধ্যে গেঁথে আছে। এই বর্ষা ভোলার নয়।
কয়টি ফলের কথা বলবো বর্ষার? কয়টি ফুলের নাম বলবো বর্ষাঋতুর। বর্ষারাতে ডেকে ওঠা কোন পাখির কথা বলবো? তার ভেজা গলার গান কান পাতলে এখনো শুনতে পাই। এই হচ্ছে বর্ষা। আজি এ বর্ষায় "কত ফুল ফোটে, কত পাখি গায়"।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




