যেভাবে ছুঁয়ে যায় জীবন.....
~~~প্রেম~~~
পরিযায়ী পাখি, ডানা ঝাপটিয়ে উড়ে যায় অনন্ত আকাশে....., পড়ে থাকে স্মৃতির ধ্বংসাবশেষ।
অনন্ত নীলে উড়ে যাওয়া পাখি
যখন ঠিকানা হারায়,
আলো থেকে শিখে নেয় এক দিশা।
যতখানি অন্ধকার সরে গেলে
মানুষ মহামানবের জ্যোতি অনুভব করে।
~~~ভালোবাসা~~~
আত্মসমর্পণের আর এক নাম,
চৈতন্য আলোকে আলোকিত এক নীরব স্বর্গীয় অনুভূতি, ভাষাহীন চার অক্ষরের স্তবগান। আতরের ফোঁটায় ছড়িয়ে পড়েছে ভালবাসার দখিন হাওয়া।
আমি খুঁজে ফিরছি সেই তীরন্দাজকে-
পক্ষী বা মীন নয়,
সে কেবল আমার চোখেই তাক করুক তার চোখ এবং বিদ্ধ করুক আমাকে।
~~~দুঃখ~~~
অনুভূতিতে এক সর্বহারা বোধ জেগে থাকে অনন্তকাল।
পুড়ে গিয়েছে সমস্ত নির্বোধের খোলস।
এই শরীর হতে, আগুনের গর্ভ হতে জন্ম হবেনা আর একটি জীবন।
~~~শোক~~~
আয়ুকাল মাপেনি কেউ! বৃদ্ধ হতে হতে খুঁজে নেয় মুক্তির উল্লাস।
~~~বিচ্ছেদ~~~
অসহায় অবশ্যম্ভাবী এক সিদ্ধান্ত,
আয়না ভেঙে যায়......
শ্রাবণ জানে কতোটা অভিযোগে মেঘেরা হয় অশ্রুপাতে অবিশ্রান্ত।
~~~মন খারাপ~~~
মন খারাপ হয়ে যায় অকারনেই, হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস, তবে জেনো চুপি চুপি সে বলছে আমার কথাই। যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাদায়- তবে জেনো ভালবাসার স্পর্শছায়ায় পাশেই আছি তোমার সব সময়।
~~~কি পাইনি~~~
আমরা তো সবাই জীবনের হিসাব মিলাতে চাই। কি পেলাম? কি চেয়েছিলাম? কি হল? কি হয়নি? কেন হয়নি? আমরা তো সবাই এই সব প্রশ্নের উত্তর খুঁজি। কিন্তু আমি জীবনের দেনা পাওনার হিসাব মেলাতে চাই না। চাওয়া পাওয়ার হিসেব মেলাতে চাইনা। অনেক কিছুই হয়ত পেয়েছি জীবন থেকে, শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা- "আমি কে"!
~~~~জীবন আমাকে কি দিয়েছে~~~~
জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। দুচোখে দেখার, জানার সীমা খুব সীমিত হলেও সাধ্যের সীমানা পেরিয়ে জীবনে অনেক কিছু দেখেছি। জীবনে খুব পরিচিত মুখ বদলে যেতে দেখেছি, বিভৎস ভয়ংকর খারাপ দেখেছি। অনেক বিভৎসতার মধ্যেও পবিত্রতা দেখেছি। সব মন্দ ভুলে একটুখানি ভালোর জন্য নতুন করে হাসতে শিখেছি, নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি। কখনো কেউ ভালোবেসে আগলে রেখেছে, কখনো ভালোবাসা আমাকে নিঃস্ব করেছে। কখনো বন্ধুরা অনেক উজ্জীবিত করেছে, দুঃসময়ে আপনজনদের দূরে সরে যেতে দেখেছি। কখনো ভালবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি। কখনো কারো অসীম ভালোবাসায় নতুন জীবন পেয়েছি। সবকিছু মিলিয়ে না পাওয়ার চেয়ে পাওয়ার পাল্লা প্রত্যাশার চেয়েও অনেক বেশী।
~~~জীবনের কাছে কি চাই~~~
আমি কাজ করতে চাই। যতদিন বাঁচি, সুস্থ ভাবে বাঁচতে চাই। আমি কাজ করে বাঁচতে চাই। আমি সমৃদ্ধি চাইনা একটু শান্তি চাই, স্বস্তি চাই। আমি ভালোবেসে বাঁচতে চাই। আমি আমার আমিকে চিনতে চাই।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


