সবকিছু চুরি হয়ে গেলো......
আমাদের একটা বিকেল ছিলো,
আমাদের পড়ন্তবেলার মিঠে রোদের মাঠ ছিলো!
আমাদের সন্ধ্যা হতো আজানের আওয়াজে,
কিন্তু সে সব চুরি হয়ে গেলো!
আমাদের একটা মুষলধারে বৃষ্টিরবারবেলা ছিলো,
তখন গায়ে থাকতো কাঁদা,পায়ে বল;
আমাদের একটা কালবৈশাখীর সন্ধ্যা ছিলো!
লোডশেডিং-এ প্রদীপ জ্বালা ঘর আর হেরিকেন,
কিন্তু সে সব চুরি হয়ে গেলো!
চুরি করে আমসত্ব, আচার খাওয়া হয়না আর!
কারণ বোয়ামটাও চুরি হয়ে গেছে,
আচার হবে কি করে রোদটাও তো চুরি হয়েগেছে......!
বিকেলে কেন কোনো ডাকেই চিঠি আসে না,
ধুলো জমা ডাকবাক্স অপেক্ষা করে,
আস্তে আস্তে মরচে ধরে হৃদয়পুরের তালায়।
আস্তে আস্তে কয়েক মাস করে.... হয়তো বছর.. হয়তো.....যুগ...জীবন সবটাই চুরি হয়ে গেলো!
কাসফুল ক্যাপ-বন্ধুক সব হারিয়ে গেছে,
সঞ্চিতা- সঞ্চয়িতা আর শরৎ রচনাবলি আজও পাঠ পড়িয়ে যেতে চায়,
কিন্তু তাও পিডিএফে!
আমাদের শিউলি-ছাতিমের মতোই নতুন বই-এর গন্ধ চুরি হয়ে গেলো!
আমাদের তালপাতার সিপাই, রান্নাবাটি, লুকোচুরির কোনো খোঁজ আছে?
হাওয়াই মিঠাইর খোঁজ পাওয়া যায়?
ঘুড়ি, কাগজের নৌকো আর প্লেন পাঠায়,
সঙ্গে যায় বেলুন!
শেষবার গিয়ে কেমন যেনো গেলো হারিয়ে,
হয়তো কোনো বারমুডা ট্রায়াঙ্গেলে,
রামধনুর খোঁজে.....সব হারিয়ে গেলো....
আসলে ওদেরও কেউ চুরি করে নিয়েছে!
লাইক, শেয়ার, কমেন্টে এখন বাঁধা পড়েছে জীবন,
অদৃশ্য শিকলেও চুরি হয়ে গেলো....!
স্ক্রিনশর্ট আর হোয়াটস্যাপে বন্দী থেকেও চুরি হয়ে গেলো,
সব চুরি হয়ে গেলো!
সবকিছু চুরি হয়ে যায় এইভাবেই...
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


