
সময়টা খুব বেশী না। সাড়ে চার বছর কিংবা তার চেয়ে ক'টা দিন বেশীই হবে। এই স্বল্প সময়ে কতকিছুই না ঘটে গেলো।
হায়ার সেকেন্ডারির পরেও যে তোমাকে আমি চিনতাম না, কি অদ্ভুতভাবেই না আমি সেই তোমার প্রেমে পড়ে গেলাম!
জানি দেশের অধিকাংশ মানুষ তোমাকে চেনে না। চিনলেও ভুল নামে ডাকে। তোমার কথা শুনলে অনেকেই মুখ ভেঙচায়। চাষা ভুষা বলে গালমন্দ করে, টিপ্পনী কাটে। তাতে কী?
তুমি তো তোমাতেই অনন্য! লোক চক্ষুর অন্তরালে থেকে সেই ১৯৬১ সাল থেকে শুধু দিয়েই যাচ্ছো... দেশের প্রথম টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় তুমি। দেশের উন্নতির জন্য সবচেয়ে বেশী গবেষণা তুমিই করো। অথচ বরাবরের মতই তুমি নিরহংকার, লাজুক আর নিভৃতচারী! এতটুকু গর্ববোধ নেই তোমার।
কি দাওনি দেশকে?
জালাল উদ্দিনের মুরগির ফার্মে যে মুরগি গুলো কক কক করে তাতে তোমার অবদান আছে...
ফারুক সাহেবের গরুর খামারে যে ক্রস গরুটা দৈনিক ৩০ লিটার দুধ দেয় তাতে তোমার অবদান আছে...
জমির মুন্সির পুকুরে যে পাঁচ কেজি রুইটা গভীর রাতে ঘাঁই দেয় তাতে তোমার অবদান আছে...
আবেদ আলীর পতিত জমিটায় যে এখন বছরে তিনবার ফসল হয় তাতে তোমার অবদান আছে...
শহুরে আনিস সাহেব যে প্রসেসড ফুড দিয়ে নাস্তা সেরে অফিসে যায় সেখানেও তোমার অবদান আছে।
ফরিদ শেখ যে হালের গরু বেচে দিয়ে এখন কলের লাঙল চালায় তাতে তোমার হাত আছে...
কৃষিকে কেন্দ্র করে যে অর্থনীতি গড়ে উঠেছে সেখানে তোমার অবদান আছে...
তুমি আছো বলেই দেশ আজ মঙ্গার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তুমি আছো বলেই ১৬ কোটির বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ!
অথচ দেশের ক'জনাই বা সে খবর রাখে?
যদি রাখতো, আমি হলপ করে বলছি দেশের ১৬ কোটি মানুষই একযোগে তোমার প্রেমে পড়ে যেতো!
রূপ উপভোগ করার বিষয়, বর্ণনা করার নয়। শুধু এতটুকু বলবো তোমাতে আমি মুগ্ধ। তোমার নদীর পাড়, বোট্যানিকাল গার্ডেন, আমবাগান, জার্ম প্লাজম সেন্টার... আমাকে চুম্বকের মত আকর্ষণ করে। এসব জায়গায় একবার গেলে কেন যেন আর ফিরতে ইচ্ছে করেনা!
ওহ! সরি!
ভুলেই গেছিলাম। আজ তোমার জন্মদিন! জানি জন্মদিনে তোমার কোন আগ্রহ নেই। তবুও বলছি-
শুভ জন্মদিন হে প্রীয়তম বাকৃবি! যে মায়ার জাল তুমি এ সাড়ে চার বছরে আমার চারিপাশে বিছিয়েছো, সেই জালেই আমাকে শক্ত করে বেঁধে রেখো চিরকাল!
সময় ফুরিয়ে আসছে। ভয় হয়। খুব ভয়। তোমাকে হারানোর ভয় আমাকে ইদানিং খুব করে জাপ্টে ধরে।
তোমাকে ছেড়ে থাকতে পারবো তো??
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



