জানালার বাইরে অন্য দুটো দেশের জাতীয় পতাকা মাখামাখি করে উড়ছে।
খিদে পেয়েছে, ডিমের ঝোলের গন্ধ পাই, ধনে পাতারও।
রাস্তায় বারবার চলে যাচ্ছে চোখ, এমনিই।
হলুদ ট্রাম এলে উড়ে যাচ্ছে তোমার সুর্মা পায়রারা।
সকালে গীতা ঘটক শুনছিলাম, আমি রিদয়েরও কথা বলিতে না পারি, সেটাই কানে বাসা বেঁধেছে, ফোন বাজলেও সেটাই শুনছি।
জাতীয় পাতাকাগুলো এখন েকসাথে গুটিয়ে আছে।
বাইরে চড়া রোদ।
ঘরে কেউ একটা টিভি চালিয়ে দিল।
আজ নীল সোয়েটার পরে এসেছি।ভেতরে একটা সাদা জামা।ঘরের ভেতর সেদুটো আলোয় মিশে পায়রা পায়রা ভাব নিয়ে বসে আছে। মেঝের দিকে তাকালে মনে হয় সব সরে যাওয়া ডিম, ছুটছে।
একটা 56 নম্বর ট্রাম আসছে।
ট্রামের হলুদ রোদ্দুরে সাদা হয়ে আছে।
খিদে বেশ পেয়েছে।
এইবার েকবার ঘরে যাব। ডিমের ঝোল করে এসেছি, ধনে পাতা দিয়ে। আর পালঙ দিয়ে মুগ ডাল।
ভাতটা করতে আর ইচ্ছা করছে না।
বাইরে কোন হাওয়া নেই। দুটো পতাকাই আলাদা আলাদা।
কেবল ঝকঝকে রোদ। পায়রারা উড়ে গেছে।
ট্রামও দেখছি না।
ভেবেছিলাম ঘরে যাব, তুই এলে একসাথেই খাব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



