স্কুলে যেতে দিনার আধঘন্টার মত লাগে। বাড়ি থেকে বেরিয়ে ছোট্ট মাঠটি আড়াআড়িভাবে পাড়ি দিয়ে রাস্তায় উঠতে হয়। তারপর সেখানে দু এক মিনিট দাড়ালেই ভ্যান পাওয়া যায়। কাঠের তৈরি তিন চাকার ভ্যানগুলোতে সাকুল্যে চারজন বসে। সামনে দুজন, পেছনে দুজন। কিন্তু দিনা যখন ভ্যানের জন্য দাড়ায়, তখন সামনের দিকে একটিও সিট থাকে না। সামনের দিকে বসতে আরাম। দিনাকে পেছনের দিকেই বসতে হয়। ভ্যানে মুরব্বি ধরনের কেউ থাকলে অবশ্য তিনি দিনাকে সামনে বসার জন্য বলেন। কারণ দিনার যে বয়স, তাতে পেছনে না বসাই ভালো। বদ ছেলেরা ভ্যা ভ্যা করে থাকিয়ে থাকে। অবশ্য ওর তাতে সমস্যা নেই। ও ওর মত চলতে ও বলতে পছন্দ করে।
যেমন বেশ কিছুদিন ধরেই একটা ছেলেকে সে দেখে স্কুল থেকে ফেরার সময়। ছেলেটাও ওই সময় কলেজ থেকে ফেরে। তিন মাথার একটি মোড়ে ওদের দেখা হয়। এরপর সরু ইটের রাস্তা দিয়ে ওরা হাঁটে। কিছুদুর গিয়ে ছেলেটি বাড়ি যাওয়ার জন্য অন্য পথ ধরে। মিনিট দশেক একই রাস্তা দিয়ে হাঁটলেও ওদের কথা হয় না। ছেলেটি বুঝতে পারে, দিনা ওর সঙ্গে কথা বলতে চায়। কিন্তু ও এড়িয়ে যায়। দিনাও এসব বোঝে। ওর ভারী হিংসে হয়। এক দিন দুদিন যায়।
একদিন সে কি বৃষ্টি। দিনা স্কুল থেকে ফিরছে। বিকেল সাড়ে চারটার মত বাজে। কিন্তু মনে হচ্ছে, যেন সন্ধ্যা নেমে আসছে। রাস্তায় কোনো ভ্যান নেই। রাস্তায়ও কেউ নেই। সেই ইটের রাস্তা। রাস্তার একপাশে ছেলেদের স্কুল, নারকেল দেবদারু গাছ। অন্যপাশে বিস্তৃর্ন ধানের জমি। এঁকেবেকে বয়ে যাওয়া ছোট একটি নদী।
কিছুক্ষন পর ছেলেটি দুর থেকে দিনাকে দেখে। জোরে পায়ে হেঁটে যায়। দিনাকে দেখে ওর মনে কি যেন কি হয়। পেছন থেকে ডাক দেয়। আপনি তো ভিজে যাচ্ছেন। আমার ছাতার তলে আসবেন? এটা বলে ছেলেটি ওর গা ঘেঁষে দাড়ায়। বৃষ্টিভেজা চোখে নতুন করে দিনাকে দেখে। দিনা কিছুটা লজ্জা পায়। আমাকে দেখার ফুরসত আছে আপনার?
এরপরে গল্পটি কোথায় গিয়ে দাড়িয়েছিল মনে করতে পারছি না। ছেলে চরিত্রটির একটা বেশ নাম ছিল। মনে পড়ছে না। কিন্তু গল্পটি পড়েছিলাম অনেক বছর আগে। গল্পটি কোথাও পড়েছিলাম, নাকি নিজের অজান্তেই এ রকম একটি ঘটনা মনে মনে তৈরি হয়েছিল, তাও ঠিক বলতে পার ছি না। শনিবার বৃষ্টির মধ্যে অফিসে আসার সময় বৃষ্টি নিয়ে দুটো গল্পের কথা মনে পড়ছিল। একটি ওইদিনই শুনিয়েছি। বাকীটা শোনানোর কথা বলেছিলাম। এই সেটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



