সে দিনগুলো যে কেমন ছিল কি বলবো। সম্ভবত ১৯৮৫ সাল। আষাঢ় বা শ্রাবন হবে হয় তো। সারা দিন ঝিরঝির বৃষ্টি। স্কুলের দেয়াল মেঝে স্যাঁতসেঁতে। বেঞ্চ যেন ভেজা। খোলা জানালা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছে। জানালা দিয়ে দেখি, স্কুলের মাঠে পানি জমেছে গোড়ালি পর্যন্ত। নতুন পানিতে লকলকিয়ে বেড়ে ওঠা সবুজ ঘাসে পরিপূর্ন মাঠ। দুরে একটা গরু ঠায় দাড়িয়ে বৃষ্টিতে ভিজছে।
স্কুল ছুটি হলো। জোহরের আজান শোনা গেল। আমরা দলবেধে হৈ হৈ করে বেড়িয়ে পড়লাম। বাড়ি যাবো। তখনও বৃষ্টি। স্কুল ছুটির আনন্দে বৃষ্টির দুর্ভোগ তখন ম্লান। শম্পা, শিউলি, ডেইজি, আরো কত। উঃ কেমন কথা, শুধু মেয়েদের কথা মনে পড়ছে। মুরাদও ছিল। (নুরুল হাদি, আজিজুল ওরা যেতো অন্য রাস্তা দিয়ে।)
তখন দেশের অবস্থাও ছিল বিরুপ প্রকৃতির মত। স্কুল ছুটি হলে এ ওকে গুতো মারা, ল্যাং মারা এসব চলতো। এটা ওটা বলতাম। কিন্তু আমার মুখে ছিল -এরশাদের গদিতে আগুন জ্বালো একসাথে- স্লোগান। দ্বিতীয় শ্রেনীতে পড়া এক শিশুর মুখে কে তুলে দিয়েছিল এই স্লোগান জানি না। তিন মাথার মোড়ে পৌছালে আব্বার সঙ্গে দেখা হতো কোনো কোনো দিন। আব্বা তখন বাজার থেকে ফিরছেন। আমার মুখে স্লোগান শুনে মুখ চেপে ধরতেন। -খবরদার এসব বলিসনে।
কেন বা এসব বলতাম, কেনই বা আব্বা মুখ চেপে ধরতেন জানি না। এটুকু জানি দিনগুলো খুব মধুর ছিল। দিনগুলো খুব মনে পড়ে। আমি খুব কষ্ট পাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



