পরী ও অদ্ভুত আলো
১।স্বপ্নছোঁয়া
পরী, পঁচিশ মার্চ তোমাকে দেখতে যাব
ঠিক দুই বছর তিন দিন পর!
তোমাকে কি করে বলি পরী
এতটা দিন কী করে কেটেছে আমার!
অথচ এ কোনও স্বপ্ন নয়
নয় কোনও পতিতার প্রেম
লজ্জার সবটুকু মাথা খেয়ে
আমি ঠিকই দাঁড়িয়ে থাকব অনেক লোকের ভীড়ে
কলেজ গেটে।
তুমি প্রসন্নমুখে পরীক্ষার হল থেকে
রেলিঙে এসে দাঁড়াবে- পরীক্ষা শেষ।
অতীতের দরজা ভেঙে বেরিয়ে আসবে
ছোট্ট একটা নিঃশ্বাস
তাকাবে চারপাশে
পরিচিত মুখ নয় একটাও
মাথায় সূক্ষ্ম চিন্তার রেখা
বেহায়া বাতাস তোমার চুলে হাত বুলাবে বারবার
হয়তো তাকাবে ভুলে আকাশের নিস্তব্ধ চূড়ায়।
আমি দেখব-দূর থেকে দেখব
এতদিনে দেখতে হয়েছ কেমন
কেমনই বা বাজে এই নকশী কাঁথা সুর!
তোমার দুচোখে কী এখনও আকাশ পাখা ঝাপটায় পরী?
আমি আকাশকে চুপিচুপি বলব-একটু সরোতো ভাই
দেখছ না রাজার লোকেরা আমাকে পরীর কাছে নিয়ে যাচ্ছে!
স্বপ্নের ডাক নাইবা শুনলে নারী
অন্ধের মত একবার ছুঁয়ে দাও
আমার শরীর
দেখি-স্বপ্নের পাখিরা উড়াল দেয় কিনা!
২।প্রিয়মুখ
পরী,এপথ দিয়ে যাবার সময়
রাজার লোকেরা কি বলে যায়নি আমার কথা?
বসন্তবাতাস তোমার কানে কানে চুপিচুপি বলেনি কি
এ আমার নিঃশ্বাসের শব্দ!
আকাশ কি তোমার চোখ ছুঁয়ে বলেনি
কী অদ্ভুত সুন্দর!
এই এখন ঠিক তোমার কানের পাশে
কে যেন ফিসফিস করে বলছে না
এ্যাই মেয়ে,আমার দুহাতে তুমি লোহার শিকল পরিয়ে দাও
এ অবাধ্য দুহাত শুধু তোমাকে ছুঁতে চায়।
ভীষণ চমকে উঠবে তুমি
….. আহ্ এই প্রিয়মুখ কতদিন দেখিনি আমি!
তাকাবে পরিচিত চারপাশে
….. ওদিকে নয়,এই বুকে চোখ রাখো পরী
কেও নেই,অথচ কী আশ্চর্য
….. নোড়ো না নোড়ো না পরী
তোমার চারপাশে জমা হয় কিছু উচ্ছল তরুনী
….. তোমার ঠোঁট কি আলতো ভাবে ছুঁয়ে দেব পরী?
মনে মনে বলা আমার কয়েকটি শব্দ
দিগন্ত ছুঁয়ে যায়
তুমি বাড়ি যেতে ব্যস্ত।
আজকের আবহাওয়াটা খুব একটা ভাল নয়
কেমন চিকন গরম
তোমার মুখে ঘামের শিশির বিন্দু
তুমি কী কষ্ট পাচ্ছ পরী?
তুমি আমার ছায়ায় দাঁড়াও
আর বলি শোন, আমি স্বর্গে যেতে চাই।
৩। অদ্ভুত আলো
তুমি চলে যাচ্ছ পরী।
ওই প্রিয়মুখ আর কবে দেখা হবে?
নাকি …..
জানি চলে যেতে যেতে ফিরে তাকাতে নেই।
তবু এতদিন পর
নির্জন বাগান ছেড়ে ভেজা পায়ে
উঠে আসে পরী
আমার বুকের ভেতর
কী আলো!কী অদ্ভুত আলো!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


