আমার যমজ কোনও ভাই-বোন নেই
কোনও সহোদরও নেই
জন্মের সময় একাই কেঁদেছিলাম খুব-
সেই থেকে আমি একা।
বাবা-মা’র অলক্ষ্যে নিরবে-নিভৃতে
কখন বেড়ে উঠেছি একা একা
কেউ করেনি খেয়াল;চাকরি-ঝগড়া নিয়ে
কেটে গেছে দুজনার ব্যস্ত সময়
একা একাই ভালবেসে ফেলেছি আমার
সবটুকু পাপ!
বিড়িতে দিয়েছি টান-সঙ্গী করব বলে
উড়িয়েছি সিগ্রেট ছাই
তিতকুটে স্বাদে মুখের ভূগোল চলে গেছে
কুড়ি কুড়ি বছরের পাড়
এক দলা থুথু ফেলে
মুখ ভরে দিয়েছি গাল-শালা!
সেই থেকে একা থাকতে থাকতে
কীভাবে যেন এই একা থাকাটাকেই
ভালবেসে ফেললাম খুব।
অতঃপর তোমার লালপেড়ে শাড়িতে সিদ্ধার্থ আমি
গোপনে গোপনে চুরি করেছি তোমার
আজন্ম পাপ!
ভেবেছি ঘুচবে একাকীত্ব-নরম একাকী দুপুর
বিদায় জানাব সব ক’টা বিষাদের আয়োজন-
দুপুরের কান্না।
কতবার চেয়েছিগো- করেছি মিনতি করজোরে
নারীর বেদীমূলে
অথচ স্বপ্ন ভাঙ্গার গান-আমার গোপন নকশী কাঁথায়
দু’ফোঁটা বিষাদের জল
একদিন কবি হতে হতে হঠাত বলে ফেলেছি-
আরে ধুর… এই কী মানুষ জন্ম!
আজ এই শেষ যাত্রায় এসেছ নারী
এই অবেলায় শেষ কক্ষে তোমার
নোনাজলে স্নান করেও
আমি কী দারুণ একা!
Heart Breaker
08 Jan 2012

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


