বাইরে প্রচন্ড হিমশীতল ঠান্ডা। কাশ্মীরে এমন নাকি আগে আর কখনো পড়েনি। কিন্তু এরকম ঠান্ডা আমাকে তেমন স্পর্শ করেনা। আমি
অফিস থেকে বের হয়েই গাড়ী,তারপর সোজা বাসা।
অফিস বারান্দায় জীর্নশীর্ন একটি মেয়ে ফুলের তোড়া বিক্রী করে।বয়স বড়জোর এগার,বার।
সাথে আরো কয়েকজন। নাম না জানা এ মেয়েটি একেবারে নাছোড়বান্দা।প্রতিদিন আমার গাড়ী পর্যন্ত আসে,কাকুতি মিনতি করে, একসময় ব্যর্থ হয়ে ফিরে যায়।
আমি দেখেও না দেখার ভান করি।আমার পাষান হৃদয় গলেনা।
মেয়েটির সাথে আরো যারা বিক্রি ফুল বিক্রি করে তারা এতো অনুনয়,বিনয় করেনা। আর এ মেয়েটি গাড়ি নাচলা পর্যন্ত একেবারে আটার মতো লেগে থাকে।
একদিন প্রচন্ড জ্যামে আটকে আছি। আজ নিশ্চিত অফিস লেট। কোনোরকমে গাড়ি পার্ক করে, লিফট অবধি এসেছি। দেখি সেই নাছোড়বান্দা ফুলওয়ালা মেয়েটি।
বাবু, একটা ফুল নে, বাবু একটা ফুল নে। তোর পায়ে ধরি বাবু, নে না একটা ফুল,বাবু, বাবু। দেখি, মেয়েটি আমার পলিশ করা জুতোয় নখের আঁচড় লাগিয়ে দিয়েছে।আমার ইচ্ছে করে, মেয়েটির গালে প্রচন্ড জোরে একটা চড় বসিয়ে দেই। এই সব ছোটলোক ইতর শ্রেণীর মানুষের কাছে যে পরিচ্ছন্নতা আর সময়ের কোনো মূল্য নেই। আরে, অফিস কি আমার শশুড়বাড়ি যে, ফুল নিয়ে যাবো।
দুমাসের কাজ শেষ করে আমি আটলান্টায় ফিরে আসি। অবসরের বর্ণিমায় সোনালী রোদের ঝিলিক একসময় অস্তমিত হয়। এক মাসের ছুটি শেষে আমি আবার ফিরে আসি মগজ পিষে ফেলা প্রজেক্টের কাজে।
অফিস শেষ করে ফিরে দেখি-সেই ছেলেমেয়েরা ফুলের পসরা নিয়ে বসে আছে। আমি ওদের সামনে দিয়ে হেঁটে গাড়িতে আসি।
কয়েকজন জিগ্গেস করে, ফুল কিনবে বাবু? ফুল ।
কিন্তু মেয়েটির এবার যেন আমার প্রতি অথবা ওর ফুল বিক্রির প্রতি কোনো আগ্রহ নেই।কেমন যেন অবহেলা। পুরো সপ্তাহটাই এভাবে গেলো। ভাবলাম ,হয়তোবা মেয়েটির পারসোনালিটি গ্রু করেছে। আমি নিজের মতো কাজে ডুবে যাই।
কিছুদিন পর আমার কৌতুহল হলো । কথা বলার লোভ সামলাতে পারলামনা। কাছে গিয়ে বললাম-আচ্ছা বলতো ,তুমি আর আমার কাছে আগের মতো ফুল বিক্রির চেষ্টা করোনা। কী ব্যাপার।
মেয়েটি কেমন যেন উদাস। চেয়ে থাকে, কী নিদারুন অবহেলায় সাজানো ফুলের তোড়াগুলোর দিকে। আমার পাণে মুখ তোলে থাকালে যেন ওর ধ্যানের ব্যাঘাত ঘটবে। আমার আগ্রহ এতে আরো বাড়তে থাকে।অনেক পীড়াপিড়িতে বলে,
বাবু, গত ছ মাস যাবত আমার একমাত্র ভাই অসুস্থ। হাসপাতালে শুয়ে আছে।বাবা অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। মা সারাভোর ফুলের মালা আর ফুলের তোড়া বানান,আর আমি তা বিক্রি করে ভাইয়ের চিকিতসার টাকা জমাই। আমাদের একসময় বড় বেশী টাকার দরকার ছিলো, বাবু।
আমি বললাম , ছিলো মানে কি ?এখন বুঝি আর টাকার দরকার নেই।
মেয়েটি এবার ডুকরে কেঁদে ওঠে। কান্না জড়ানো কন্ঠে বলে -আছে,তবে এতো বেশীর আর দরকার নেই। আমার সেই ভাই -গত সপ্তাহে মাকে আর আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে।আর ও নিজেই এখন এক অদেখা বাগানের ফুল হয়ে আছে। তুমি এখন চাইলে আমি তোমাকে একবারে মুফতই ফুলের মালা দিতে পারি। কোনো টাকা দিতে হবেনা বাবু। কেউ নিলে ভালো,আর যদি সব বিক্রি নাও হয়,তাও ভালো।আমি বাড়ি ফিরার পথে প্রতিদিন সব ভাইয়ের কবরে রেখে দিই।
©বিহঙগ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




