ভালো থেকো তনু, ফুলের রেণু,
লাশ হয়ে থেকো ড্রেনে।
এসেছে নতুন বছর,কে রাখে পুরানো খবর,
ভালো আছি পান্তা আর ইলিশের ঘ্রানে।
ভালো থেকো জান্নাত,নতুন প্রভাত,
কে তোমায় মনে রাখে,
ধর্ষিতা হলে, নীরবে চলে গেলে
ভালো আছি এই বৈশাখে।
ভালো থেকো রুনি,নীরব গ্লানি
ভালো থেকো ছোট মেঘ
মাও নাই,বাপও নাই, তবু আছে ঠাঁই,
চারপাশে বৈশাখী আবেগ।
ভালো থেকো কল্পনা,মনের যাতনা,
ভালো থেকো বোন ফেলানি
ডুবে যাওয়া ধান,ভালো থেকো কিষাণ
ভালো থেকো মরা তিস্তার পানি।
ভালো থেকো চাষ, ভেসে যাওয়া লাশ
ভালো থেকো হেফাজত, সরকার,
ভালো থেকো জনতা, রাষ্ট্র,স্বাধীনতা
ভালো থেকো রাজনীতির কদাচার।
ভালো থেকো মানুষ, সুখের ফানুস,
ভালো থেকো প্রিয় দেশ, তবু ভালোবাসি,
ভালো থেকো সব, সুখের কলরব,
ভালো থেকো মৃত বোন, বাঙ্গাল, বানবাসী।
-আরিফ
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



