বাইরে থেকে দেখতে আসলেই ওরকম লাগতো!
বছর তিনেক বাদে এবার দেশে গিয়ে যখন গেইট দিয়ে ঢুকছিলাম হলে, সব পাখি নীড়ে ফিরে টাইপের একটা আনন্দ হচ্ছিলো মনে! গেইটের পাশেই বসা "মামা'' আমাকে চিনতে পেরে এক লাফে দাঁড়িয়ে গেলেন! আমরা ডাকতাম মামা, ওনারা বলতেন ভাই। হাত বাড়িয়ে হাত মেলালেন, আপনজনের স্পর্শ পেলাম তাতে।
রুমমেট সানির সাথে এক একটা করে সিঁড়ি বেয়ে উঠছি আর হাজারো স্মৃতি উঁকি দিচ্ছে মনের ভেতর। সবচে' বড় চমক লাগলো রুমে ঢুকে। আমার বিছানার পাশের দেয়ালটা একদম আগের মত আছে এখনো। সত্যজিৎকে বস মানতাম সবসময়, ওনার পোষ্টার লাগিয়েছিলাম দেয়ালে। তার নিচেই যুযুধান পত্রিকার প্রচ্ছদে ব্যবহৃত মূল ছবিটা। আর আমার লকারের দরজায় এখনো লাগানো সেই চে গুয়েভারা-র ছবি! খানিকটা মলিন হয়েছে, দেয়ালে কয়েক পোচ ময়লা আর মাকড়সার ঝুল বেড়েছে ঠিক, তবু সেই ছেড়ে যাওয়া রুমটাই যেন পেলাম।
ব্যাটা সানি আমাকে এতক্ষণ বলেই নি। ও পাশ থেকে মিটিমিটি হাসতে হাসতে আমার বিস্ময় উপভোগ করতে লাগলো।
--------
মাহবুব মোর্শেদের কাছে কৃতজ্ঞতা তাঁর iyg 327 পোষ্টটির জন্যে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৭ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


