বিদু্যত না থাকলে কলিং বেল কাজ করে না। ওদিকে বাসার মোবাইল নষ্ট। দারোয়ানবিহীন ভাড়া বাসার কলাপসিবল গেটের সামনে দাড়িয়ে থাকতে থাকতে বিরল কেশ গুচ্ছের কয়েকটাকে খুন করে ফেলি, রাগে দুঃখে। আজরাইলের শপথ নেই, এখনই বাসার মোবাইল সেটটা ঠিক করতে দেব এবং একটা একস্ট্রা চাবি বানাবো। এভাবে ঘরের সামনে আধঘন্টা অপেক্ষার কোন মানে হয় না। একসময় সৌভাগ্যবশত দরজা খুলে একজনকে বের হতে দেখে পরানে পানি জমে। বাসায় গিয়ে হিন্দি চ্যানেলের গিট্টু মার্কা রগরগে ঘটনা দেখে ইন্ডিয়ানদের কষে দু'একটা গালি দিয়ে মাথা ঠান্ডা করি।
পরের দিন একস্ট্রা চাবি, মোবাইল ঠিক করে আমি অপেক্ষার ক্লান্তিকর সময় এড়ানোর মহোল্লাসে বগল দাবাতে দাবাতে বাসার গেটে হাজির হই। চাবি ঢুকিয়ে বুঝতে পারি তালামিস্ত্রি ট্রায়াল বেসিসে চাবিটা দিয়েছে, আরো ঘাট কাঁটতে হবে। তালা ছাড়া চাবি দেখে দেখে বানালে যা হয়, তালা খোলে না। আমি আশাহত হই না, মোবাইল তো আছে! ফোন করলাম, কিন্তু একি! বউয়ের মোবাইলও বন্ধ। ভাবি, এতেও কোন অসুবিধা নেই, বিদু্যত তো আছে! কলিং বেল গিয়ে প্রেস করি এবং সাথে সাথে আংগুল বেয়ে একটা তীব্র ঝাঁকুনি সমস্তশরীরে ছড়িয়ে পড়ে। উন্মুক্ত কলিং বেলের বক্সটি বৃষ্টি পড়ে ভিজে যাওয়াতে শট খেতে হয়। এখন কি করি!
অগত্যা আধঘন্টা অপেক্ষার পরে আগের দিনের সেই ভদ্রলোককে দেখলাম আবার দরজা খুলে বের হতে। ততক্ষণে আরো কিছু চুল খুন হয়েছে।
কি আছে কপালে আজ, কে জানে!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


