গতকাল (বুধবার) ফ্রান্সের পত্রিকায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা হয়েছে। আমেরিকায় বিশ্বনবীকে অবমাননা করে সিনেমা তৈরির পর বিশ্বব্যাপী যখন বিক্ষোভ চলছে, ঠিক তখনি ফরাসি সাময়িকী 'শার্লি এব্দো' খুবই ন্যাক্কারজনক কয়েকটি কার্টুন ছেপেছে। এবারের কার্টুনগুলো অতীতে প্রকাশিত সব কাটুর্নের চেয়ে আক্রমণাত্মক।
ফরাসি পত্রিকায় রাসূলের ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর খবর ছড়িয়ে পড়ার পর কয়েকটি
মুসলিম দেশে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা আমেরিকার পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধেও বিভিন্ন শ্লোগান দিচ্ছে। ফ্রান্সের মুসলমানরা রাসূল (সাঃ)এর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফাবিয়াস বলেছেন, ফরাসি পত্রিকায় ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর বিরুদ্ধে মুসলিম দেশগুলোতে ব্যাপক প্রতিবাদ হতে পারে। আগামী শুক্রবার ফ্রান্সের স্বার্থে হামলার আশংকায় বিশ্বের ২০টি মুসলিম দেশে ফরাসি দূতাবাস, কনস্যুলেট ও স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্যারিস।
এ ছাড়া, ফ্রান্সের মুসলমানদের হামলার আশংকায় প্যারিসে ''শার্লি এবদো'' সাময়িকীর দপ্তরের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে ম্যাগাজিনটির ওয়েব সাইট হ্যাক করা হয়েছে। ফ্রান্সে রাসূলের অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ নিষিদ্ধ করেছে দেশটির পুলিশ।
এর আগে গত বছরও মহানবী (সাঃ)এর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপিয়েছিল শার্লি এবদো পত্রিকা। এ পদক্ষেপের পর প্রতিবাদী মুসলমানরা ওই পত্রিকার অফিসে আগুন দিয়েছিল। গত কয়েক বছর ধরেই ইউরোপ ও আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে উস্কানি ও বিদ্বেষ ছড়িয়ে দেয়ার জন্য এ ধরনের তত্পরতা চালানো হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



