১
আকাশে কাজল কালো মেঘের আনাগোনা। সূর্ষ্যটাও এই ভর দুপুরে কোথায় যেন হারিয়ে গেল। পুকুরটার চারপাশে এক চিলতে অন্ধকার ভর করেছে। উহ্ আর এই সময়ে বাতাসের সারা গা ভিজে একাকার হয়ে আছে। পুকুরের পানি রসিকতা করে বাতাসকে ডাকছে। ভেজা বাতাস একটুও কম যায় না, সেও পুকুরের শরীরটাকে হালকা ঢেউয়ে দুলিয়ে দিচ্ছে। অড়হর আর হিজল গাছের ফাঁক গলে পুকুর ঘাট পানে একটু একটু করে এগিয়ে আসছে দুই কন্যা, এই সময়ে যদি আকাশে চাঁদ থাকতো তাহলে চাঁদও লজ্জায় পালাত। কিবা কন্যাদের পরিচয় ! কোথায় তাদের বাস! তাদের কাংখে কলসি, কাঁদে ডোরা কাটা গামছা। তারা একে অপরের সাথে কতইনা রসিকতার কথা বলছে, মাঝে মাঝে হেসে একে অপরের গায়ে ঢলে পরছে। তাদের হাসির মিষ্টি মধুর শব্দে গোটা পুকুরটাকে প্রকম্পিত হচ্ছে। ঠিক সেই সময় বাঁশির তালছাড়া সুর ভেজা বাতাসে ভর করে দুই কইন্যার কানে মধুর বৃষ্টি নামতে থাকে। দুই কন্যা একদিক সেদিক তাকাতে থাকে। পুকুর ঘাটের পাশেই একটি কদম গাছ। একটি ডাল নীচ দিকে বেঁকে পানির সাথে যেন কথা বলছে। দেখতে ঠিক দোলনার মতই মনে হয়। হয়তো কোন সময় কোন কপত কপতী এই কদম শাখে বসে কত কথাই না বলেছে। একটা পানকৌড়ি মনের সুখে নাচতে নাচতে পানিতে ডুব দিয়ে এদিক হতে ওদিকে যাচ্ছে, আবার তাকিয়ে কন্যাদের দেখছে। দুটি টিয়া পাখি সবুজ ডানা মেলে উড়তে উড়তে কদম গাছের একটি ডালে টি টি করে কথা বলতে থাকে। কি কথা এত টিয়া পাখি! কত কথা জমিয়ে রেখেছ বলতো শুনি! এক কন্যা ঘাটে কলসি রেখে পানিতে পা ভিজায়। আরেক কন্যা কলসিটাকে ভাসিয়ে দেয় পুকুর জলে। ডাগর নয়ন তুলে সে আকাশ দেখে, টিয়া পাখি দেখে, পানকৌড়ি দেখে আরো দেখে কদম গাছ,,,যার ডালে বসে কোন এক অচেনা আগন্তক এই অসময়ে বাঁশী বাজাচ্ছে।
২
দুপুরবেলায় নাইতে আসে
বামুন বাড়ির রানী!
কদম তলায় বংশী বাজায়
গোসাই বাড়ির সানী!
রানী যখন সাঁতার কেটে
পুকুর মাঝে ভাসে,
সানী তখন বংশী ফেলে
পানির কাছে আসে!
সানী যখন আনমনে
ছিড়ছে কদম ফুল
পুকুর জল কালো হলো
ভেসে কইন্যার চুল!
গোটা দশেক কদম ফুল
ছিড়লো গুনে গুনে
ছুঁড়ে দিল পুকুর জলে
ঝড় বয়ে যায় মনে!
এমন করেই বংশী বাজায়
বসে কদম তলে
কখন আসবে মনের রানী
ভাসবে পুকুর জলে!
এমনি করেই ভাব হয়ে যায়
পাঁচ-ছয় দিন গেলে
কত কথা হয় যে তাদের
বসে কদম ডালে!
৩
নারিকেল গাছের মাথায় আজ মস্ত বড় একটা চাঁদ উঠেছে। তাঁরাভরা আকাশ দূরের সীমান্তে গিয়ে মিশেছে। জোৎস্মাঝরা রাতে কদম ফুল ছাড়া যে বডড বেমানান ! কোথায় সেই কদম ফুল! কদম গাছে একটিও ফুল নেই! কোথায় গেল এত কদম ফুল! দিঘীর জলও যেন বোবা হয়ে আছে। এই জোৎস্মামাখানো রাতে বাতাসটাও বড্ড বেরসিক হয়ে আছে। রাতের প্রথম প্রহড়েই দূরের তাঁরাগুলো এক এক করে নিভে যাচ্ছে। তাঁদেরকে হয়তো কোন বাড়িতে নেমন্তন্ন করেছে। তাই হয়তো তাঁরারা এক এক করে চলে যাচ্ছে। বাকী তারাগুলো হয়তবা ঘুমিয়েই পরলো। চাঁদের দিকে কে যেন এক মুঠো অন্ধকার ছড়িয়ে দিল! দূরে সানাইয়ের সূর ভেসে আসছে। এ সুরে এত ব্যাথা ঝরছে কেন !! কার বিয়ে! ঢোলের আওয়াজ থেমে থেমে পুরো গ্রামটিকে কাঁপিয়ে দিচ্ছে। হুলোধ্বনির মিষ্টি সুর সারা গাঁয়ের উঠোনে ঝরে পরছে। এমন সময়ে কোথা হতে বাঁশীর সুর ভেসে আসছে! মনের গহীনে জমে থাকা কষ্টগুলো বাঁশীর সুর হয়ে কাল স্রোতের মত আছড়ে পরছে কোন এক কন্যার বাড়ির আঙ্গিনায়। গাঁয়ের কোন একটি বাড়ির উঠোন কদমফুলে ছেঁয়ে গেছে। বাড়ির অতিথিগণ তাই নিয়ে হুলস্থল বাঁধিয়ে দিয়েছে। কেউ কেউ বলছে,’আরে কে দিল এত কদম ফুল! একটু পরেই যে শুভ লগ্ন, তোমরা সবাই তারাতারি কর” । কদম ফুল বুকে জড়িয়ে ধরে গাঁয়ের কোন এক কন্যা। তার মনের আকাশে যে নীল কষ্টের মেঘ জমেছে! মেঘগুলো বৃষ্টি হয়ে কন্যার ডাগর দুটি নয়নকে ভিজিয়ে দিচ্ছে- ভিজিয়ে দিচ্ছে বাঁশীওয়ালার চোখ আর বাঁশীকে।
উৎসর্গঃ আমার খুবই প্রিয় দিদি- মুঞ্জুদিকে ( দিদি ! তুমি যেখানেই থাক, ভাল থাক, আমি তোমাকে ঠিক আগের মতই ভালবাসি)
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৫ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



