বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ‘গুমের বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ’ তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বুধবার এক বিবৃতিতে নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটি বলেছে, ‘সালাহ উদ্দিনের গুমের বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্ত দরকার। কালবিলম্ব না করেই এটা করা দরকার।
এইচআরডব্লিউ বলছে, ২০০৭ সাল থেকেই বাংলাদেশে গুমের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগের সাথেই নিরাপত্তা বাহিনী জড়িত।
সংস্থাটি বলছে, ২০১২ সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুম হলেও এখন পর্যন্ত তার হদিস মেলেনি। গত বছরের মে মাসে নারায়ণগঞ্জে সাত খুনের র্যা বের সংশ্লিষ্টতা প্রকাশিত হয়। তবে প্রথম দিকে র্যা ব কর্মকর্তারা এ ঘটনা অস্বীকার করে আসছিলেন।
সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ বলেন, সালাহ উদ্দিনের একটাই অপরাধ তিনি সত্য কথা বলতেন, গণতন্ত্রের আন্দোলন করে যাচ্ছিলেন। গণতন্ত্রের আন্দোলন-সংগ্রাম করার কারণেই তিনি নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোন্দকার দেলোয়ার হোসেন পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমাজউদ্দীন আহমেদ হতাশা প্রকাশ করে বলেন, দেশটা আজ কোথায় যাচ্ছে? সালাহ উদ্দিন আহমেদ সাবেক একজন প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু তিনি আজ নিখোঁজ। এমন একটি স্বাধীন দেশ থেকে সাবেক প্রতিমন্ত্রীর মত মানুষ হারিয়ে যাচ্ছে। পরম সম্ভাবনাময় নাগরিক চোখে আমি হতাশা লক্ষ্য করছি।
সাংবাদিকদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন, আমি সাংবাদিকদের অনুরোধ করছি, সালাহ উদ্দিন আহমেদের ছেলে-মেয়েদের মুখের দিকে তাকিয়ে দেখুন তারা কি চায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





