তখন রিক্সাওয়ালা বলটুর সাথে পরিচয়।
খুব খাতির হইয়া গেছিল।
প্রায় প্রতিদিনই দশটার সময় কলোনীর গেটের কাছে গেলে দেখতাম বলটু রিক্সা নিয়া দাঁড়াইয়া আছে।
আমি দরদাম না কইরাই উইঠা পড়তাম।
বলটুও টাইনা নিয়া যাইত। পৌঁছার পর পাঁচ টাকা ধরাইয়া দিতাম।
বলটুর সাথে কতকিছু নিয়া কথা বলছি!!
হাসিনা-খালেদা, শাবনুর-মৌসুমী, কয়টা মুরগী পাললে কয়টা ডিম বেইচা কতটাকা লাভ করা যাইব -- আরও কতকিছু।
সবসময় দেখা হইলে সালাম দিত, আমিও হাইসা কইতাম,
'কিরে ব্যাটা? কি খবর?'
ব্যাটা আমগো কলোনীতেই রিক্সা নিয়া পইড়া থাকত, হয়ত কাজের মেয়েগো লগে টাংকি মারত।
মারুক গা, তাতে কার কি?
সেইবার ঈদের দিন ঈদগাহ থেকা যখন বন্ধু-বান্ধবসহ ফিরতেছিলাম, দেখি হাসিমুখে বলটু আমার দিকে আগাইয়া আসতাছে।
একটু ভড়কাইলাম! হারামজাদা আবার কোলাকুলি করতে চাইবনা তো!!
বলটু আমারে বাঁচাইয়া দিল, কাচে আইসা কাচুমাচু মুখে হাসে।
আমি পাঞ্জাবীর পকেট থেকা কড়কড়া বিশ টাকার নোট বাইর কইরা দিয়া কইলাম,
'মিষ্টি সেভেনআপ খাইছ।'
বলটু খুশীতে গদগদ হইয়া আমার পা ধইরা সালাম করল।
আমিও খুশী, হেও খুশী।
কোলাকুলি করার দরকার কি?
কারন, আমিও জানি, বলটুও জানে,
[গাঢ়] বলটু তো মানুষ না!! [/গাঢ়]
কনফেশান না, তবে বছর পাঁচেক পর থেকা আমার জীবনের সবচেয়ে বাজে স্মৃতি সেইটা। নিজেকে ক্ষমা করতে পারিনা, তাই বইলা বদলাইয়াও যাইনাই।
নাইলে, আজকে সারাদিন কিছুই বললামনা কেন?
'পাকিস্তান জিন্দাবাদ' নিয়া, বাংলাদেশ ক্রিকেট নিয়া কত লাফাইলাম!!
বলটুর ভাই মমিনের কথা কওয়ার কি একটু সময়ও আমার হয়নাই!!
আমি কি মানুষ??
/////////////////////////////////////////////////////
1996 তে বেলজিয়ামে দুটো বাচ্চা মেয়েকে এক নরপশু রেপ করে মেরে ফেলে।
সারা পৃথিবীতে হৈ-চৈ পড়ে যায়।
'জাপান টাইমস' নামক পত্রিকা সপ্তাহ জুড়ে বিশাল বিশাল কাভারেজ করে পত্রিকার পাতাজুড়ে।
এর বছরখানেক পরেই বাংলাদেশের ঢাকার জজকোর্টে এক বাচ্চা মেয়ে তানিয়াকে রেপ করে আরেক নরপশু।
বাংলাদেশের পত্রিকায় সাড়া পড়ে,
কিন্তু জাপানের কোন পত্রিকা কানটাও নাড়ায়না।
খবর হাতে আসেনাই এই অজুহাত আমার কাছে ধোপে টিকেনাই,
কারণ বাংলাদেশের কোন চিপার কোন গ্রামে দাড়ি না রাখার অপরাধে এক যুবককে 10 বেত বাড়ি দিলে সেটাও এরা খুব ভালভাবেই কাভার করে।
আমি 'জাপান টাইমসে' লিখেছিলাম,
"তোমরা কি তাইলে বাংলাদেশীগোরে, পৃথিবীর গরীব জনগনরে মানুষ ভাবনা? গোনায় ধরনা?"
কোন উত্তর আসেনি। হয়ত, আমার মত পশুর প্রশ্নের জবাব দেয়া সমীচিন না।
আজ ভাবি,
আমরা কি আমাদের গরীব জনগনরে গোনায় ধরি?
'প্রান্তিক' বলে একটু ভদ্্রভাবে ডাকলেই কি সব শেষ?
[গাঢ়]
আমরা ওদেরকে মানুষ ভাবি?
ঈদের দিন কোলাকুলি করব?
এক টেবিলে বসে নাস্তা করব?
বলটুর মেয়েটার সাথে আমার মেয়েটাকে কি একসাথে খেলতে দিব?
বলটুর পরিবার আগুনে দাউদাউ করে জ্বলে পুড়ে টসকে গেলে 'আহারে'র বেশী কিছু বলব?
[/গাঢ়]
আমরা কিছুই করতে পারবনা, সব এভাবেই যাবে।
আচ্ছা, যারা লেখাটা পড়বেন তারা একটা অনুরোধ রাখবেন?
কাল যে রিক্সাওয়ালার রিক্সায় চড়বেন,
রিক্সা থেকে নামার পর তার সাথে একটু হ্যান্ডশেক করবেন, প্লিজ।
জানি এতে কিছু হবেনা, তাও একটা নতুন যাত্রার প্রতীকি শুরু কি খুব বেশী ছেলেমানুষী হয়ে যায়?
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৭ সকাল ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



