বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত দিন কাটাচ্ছিলাম। গতকাল ঠিক বিকেলের দিকে একজন ছাত্র এসে আমাকে একটি খাম ধরিয়ে দিয়ে গেল। খামটি খুলে দেখলাম তারা একটি ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছে সেখানে আমাকে অতিথি হিসেবে দাওয়াত করেছে। এই প্রতিযোগিতা একটু আলাদা ধরনের কারণ এখানে শুধু পথশিশুরা অংশগ্রহন করবে। ভাবছিলাম কেমন হবে প্রতিযোগিতাটি! অবশেষে সকালে ঘুম থেকে উঠেই রওয়ানা হলাম। দেখলাম ৪৩ জন শিশু অংশ নিয়েছে প্রতিযোগিতায়। অনেক ভাল লাগছিল এই নিষ্পাপ চেহারাগুলো দেখে। মনে হচ্ছিল কি অবাক করা মায়া লুকিয়ে আছে এইসব শিশুদের চেহারায়। আর কোথাও যেতে মন চাইল না। ওখানেই থেকে গেলাম পুরো সময়টা।
্ছবিগুলো আঁকা দেখছিলাম। দেখছিলাম তাদের মনোজগতের জল্পনা কল্পনা গুলো। দেখে অবাক হলাম, এই পথশিশুরা যাদের কিনা দুবেলা খাবার জোটেনা তারা আঁকছে শহীদমিনার, স্মৃতিসৌধ। আকার পরে লিখেছে অমর একুশে। তার মানে এরা একুশ সম্পর্কে জানে! নিজেকে গর্বিত মনে হল। মনে হল আর যাই হোক, এমন একটা দেশে জন্মেছি যে দেশের পথের শিশুরা পর্যন্ত নিজের ভাষা, নিজের ঐতিহ্যকে লালন পালন করছে, শ্রদ্ধা করছে। আমি ভেবেছিলাম ওরা কিনা আঁকবে একটি খাবার থালা, যাতে কোন খাবার নেই কিন্তু হলো ঠিক তার উল্টোটা। ওরাই আঁকছে শহীদ মিনার, স্মৃতিসৌধ, দেশের সুন্দর সুন্দর দিকগুলো। কত নিঃস্বার্থ তাদের ভালবাসা এই বাংলাভাষার প্রতি, দেশের স্বাধীনতার প্রতি। আমি অবাক হয়ে ভাবছিলাম, যে দেশের দুঃস্থ অসহায় শিশুদের মনে দেশের প্রতি অগাধ ভালবাসা আছে সে দেশকে কে ঠেকিয়ে রাখবে? রাজনীতি, দারিদ্রতা, অশিক্ষা, সন্ত্রাস, দুর্নীতি, কেউ পারবেনা। পারবে না বিশ্বের কোন শক্তি। এদেশ এগিয়ে যাবেই যাবে। আজ আমি সত্যিই দেখেছি, শুধু ধনসম্পদ থাকলেই এই দেশের প্রতি ভালবাসা জন্মায় না। যে খেতে পায় না তারও ভালবাসা রয়েছে দেশের প্রতি অত্যন্ত নিখুঁত এবং নিষ্পাপ। তাদের অনেক চাওয়া আছে, চাওয়ার তুলনায় পাওয়াটা নিতান্তই স্বল্প, কিন্তু না পাওয়া সত্ত্বেও ওদের মাঝে যা রয়েছে তা আসলেই পূজনীয়।
যারা এই পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে তারা আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। শিক্ষক হয়ে তাদের প্রতি শ্রদ্ধায় বুকটা ভরে গেল। ওদের কাজের তুলনায় নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল, জানিনা কেন! এই নিঃস্বার্থ কাজগুলো দেখলে কেন জানি ভেতরটা নাড়া দিয়ে ওঠে। ওদের মাঝে কোন চাওয়া পাওয়ার বিন্দুমাত্র রেশ নেই। ওরা কোন রাজনৈতিক দলের না, ভাবতেই মনে হচ্ছিল, আমি পৃথিবীর জান্নাতে এসেছি। শুধু তাই না ওরা এইসব পথশিশুদের লেখাপড়া করায়। এইসব শিশুদের মাঝে কেউ কেউ দশম শ্রেনীতে পড়ছে। যারা টাকা দিয়ে স্কুলে পড়তে পারে না তারা ওদের কাছে পড়ালেখা করে। এরকম প্রায় ১৮০ জন ছাত্রছাত্রী আছে ওদের। ওরা এই শিশুদের জন্য অর্থ জোগাড় করে বেড়ায়। ওদের জন্য ঈদে পোশাক বিতরণ করে, মাঝে মাঝে খাবার আয়োজন করে, বৃক্ষরোপন করে, শীতবস্ত্র বিতরণ করে, পড়ালেখার সবরকম সরমঞ্জাদি বিতরণ করে বিনামুল্যে। যাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নিবন্ধনের টাকা নেই তাদের টাকা দিয়ে সাহায্য করে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওদের মতই অনেকে অনেক নাম দিয়ে কাজ করে যাচ্ছে। যে দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের পড়ালেখার পাশাপাশি পথশিশুদেরকে শিক্ষিত করছে সে দেশের শিক্ষিতের হার একশত ভাগ হতে দেরি লাগবে না। কেউ আটকাতে পারবেনা আমাদের উন্নতিকে। যে দেশের নবীনরা এমন সে দেশ কেমন করে থেমে থাকবে!
শেষে সবার সাথে ছবি তুলছিলাম। অনেক ভাল লাগছিল কারণ ছোট ছোট বাচ্চারা এসে কেউ আমার কাধেঁ, কেউ আমার হাত ধরে দাঁড়িয়ে গেল। কারও মাঝে বিন্দু মাত্র সংকোচ নেই। কি নিষ্পাপ তাদের চিন্তা ভাবনাগুলো!
নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এমন একটি দিন আমার জীবনে এসেছে এই ভেবে। গর্বিত মনে হচ্ছে এই দেশে জন্মিয়ে, গর্ববোধ করছি আমাদের এই অসহায় দুস্থ শিশুদেরকে নিয়ে। মন প্রাণ থেকে শ্রদ্ধা আসছে আমার সেইসব ছাত্রছাত্রীদের প্রতি যারা এই নিঃস্বার্থ পরিশ্রম করে যাচ্ছে।
এদেশে দারিদ্রতা থাকতে পারে, অশিক্ষা থাকতে পারে কিন্তু এদেশে এমন এমন নবীন আছে যারা পারবে এই দারিদ্রতা এবং অশিক্ষা নামক অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে। আর যেদেশের পথশিশুদের মনে দেশ,দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেদেশের উন্নতি কেউ থামিয়ে রাখতে পারবেনা। আমরা এগিয়ে যাবই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

