আমার ছোট ভাই যখন ভুমিষ্ঠ হয় তখন আমার বয়স ছিল সাড়ে নয় বছর। খুব স্বাভাবিক ভাবেই ছোট বলে আমার মায়ের বেশিরভাগ সময় ব্যয় করতে হয়েছিল ওর জন্য। যে মা আমাকে অনেক আদর করতেন, গোসল করিয়ে দিতেন, খাওয়াতেন সেই মা আমার যত্ন আগের মত নিতে পারতেন না, তাই আমি অনেক দুঃখ পেয়ে ডায়েরী লেখা শুরু করেছিলাম। ছোট্ট আমি আদরের একটু ঘাটতিতেই মনে অনেক আঘাত পেয়েছিলাম, অনেক কেঁদেছিলাম এবং মায়ের প্রতি আক্ষেপ করে অনেক কিছু লিখেছিলাম। কিছুদিন পরে আমার মা সেই ডায়েরী পড়ে ফেলেন। তখন থেকে আমার মনে এক ধরনের ধারণা ছিল যে যারা ডায়েরী লেখে তারা অনেক বোকা। কারণ তাদের সুখ দুঃখ অনেক সহজেই মানুষ জেনে যায়। তারপর থেকেই নিজের জীবনের কোন ঘটনা নিয়ে তেমন কিছু লেখা হয়নাই। তবে আজ কেমন জানি ভেতর থেকে অনুভব করছি কিছু লেখা দরকার। আজকের কথাগুলোর মাঝে কারও প্রতি কোন আক্ষেপ নেই। যা আছে তা হলো সবার প্রতি ভালবাসা।
ছোটবেলা থেকেই অনেক শখ ছিল বিমান চালাব। তাই সব সময় স্বপ্ন দেখতাম কিভাবে বিমান চালক হওয়া যায়। অবশ্য ছোটবেলায় এই শখটা বেশিরভাগ ছেলেরই থাকে। আমার আশেপাশের মানুষ আমাকে বলতেন বিমান চালক হতে হলে ক্যাডেট কলেজে পড়তে হবে। পাশের বাসার এক ভাই ক্যাডেট কলেজে পড়তেন, উনাকে দেখে ক্যাডেট কলেজে পড়ার ইচ্ছাটা আরো প্রবল হয়। আমার এই প্রবল ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমার বাবা-মা আমাকে ১১ বছর বয়সে আবাসিক ক্যাডেট কোচিং এ দিয়ে আসেন। আমাদের বাসা থেকে কোচিং এর দুরত্ব ছিল প্রায় ১২০ কিলোমিটার। সেখান থেকেই শুরু হয় একটু একটু করে আমার জীবনের বাস্তবতা। যে আমি কখনো মা ছাড়া ঘুমায়নি তাকে একা একা থাকতে হয়েছিল আবাসিক কোচিং এ। নিজের কাপড় নিজে কাঁচা থেকে শুরু করে সব কাজ করতে হত। খাবার দাবারের ছিল বেহাল অবস্থা। শর্ত ছিল প্রত্যেকের দুটি করে রুটি খেতেই হবে সকালের নাস্তা হিসেবে,কমও না, বেশিও না। না খেলেই শাস্তি। রুটি গলাধকরন না করতে পেরে, পকেটে করে রুটি নিয়ে পুকুরে ফেলে দিতাম লুকিয়ে। পড়াশুনা করতে গিয়ে দেখি পান থেকে চুন খসলেই শাস্তি। অঙ্কের শিক্ষক এক অঙ্ক দুবার বুঝাতেন না। দুইবার বুঝতে চাইলে কাঠের স্কেল দিয়ে পায়ে কয়েকটা আঘাত। পড়ালেখা কিংবা ক্যাডেট কলেজের কোচিং করার ব্যাপারটা যে এত কষ্টের তা আমার জানা ছিল না। জানবই বা কি করে, তখন তো আমার বয়স কেবল ১১ বছর।
সাতদিন পরে আমার মা আমাকে দেখতে এলেন। কোচিং এর প্রিন্সিপ্যাল স্যার আমাকে আগেই বলে দিলেন, “দেখা করার সময় কিন্তু দুই ঘণ্টা”। আমি গেস্টরুমে ঢুকতেই মাকে দেখতে পেলাম। মনে হল যেন কত বছর ধরে মাকে দেখিনাই। মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললাম।মানুষের জীবন যে এত কঠিন, ছোট্ট আমি কখনোই আগে বুঝে উঠতে পারিনাই। মা আমার হাত পা ভাল করে নেড়ে চেড়ে দেখছিলেন। পায়ে হাত দিতেই ব্যাথা পেয়ে উঠেছিলাম। মা আমার পায়ে দেখলেন স্কেলের আঘাতের কালো কালো দাগ। শুধু দেখছিলাম মায়ের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে আর আমি মাকে জড়িয়ে ধরে কাঁদছি। মনে হচ্ছিল কতকাল মাকে জড়িয়ে ধরে থাকিনাই। দু ঘন্টা হয়ে গেছে এবার বিদায় নেবার পালা। প্রিন্সিপ্যাল আমাকে ডেকে আবার মনে করিয়ে দিলেন সময়ের কথা। কিন্তু আমি কোন কিছুতেই মনকে মানাতে পারছিলাম না। মাকে বলছিলাম, মা আমি ক্যাডেট কলেজে পড়তে চাই। যত কষ্টই হোক কোচিং করতে চাই, কিন্তু তোমাকে ছেড়ে দিতে আমার বুকটা কেমন জানি ছিড়ে যাচ্ছে। সেদিনের অনুভতি আমি কখনো ভুলতে পারিনাই। অনুভতিগুলো আমার কাছে কষ্টের, একই সাথে সাফল্যেরও বটে। কেননা আমি ক্যাডেট কলেজে চান্স পেয়েছিলাম।
এগারো বছর বয়স থেকে আমি আমার বাবা মাকে ছেড়ে থেকেছি। ক্যাডেট কলেজে অতিবাহিত করি ৬ বছর। সেখানের অনেক স্মৃতি, কখনো দুঃখের, কখনোবা হাসির। সেখানে আমার বাবা ছিল না, মা ছিল না। বিভিন্ন পরিবার থেকে আসা বিভিন্ন ছেলেকে আপন করে পেয়েছি। কাউকে পেয়েছি বড় ভাই হিসেবে, কাউকে বা ছোট ভাই রুপে। আর নিজের সমবয়সী ভাইয়ের মত পেয়েছিলাম আমার ব্যাচের ৫৫ জন বন্ধুকে। ক্যাডেট কলেজের বিভিন্ন সময় যারা আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। আমি তাদের কথা কখনো ভুলতে পারব না। কারণ শৈশবের বন্ধুত্বটা অনেক নির্ভেজাল হয়। এখানে কোন স্বার্থ থাকে না, থাকে শুধুই বিসর্জন।
কলেজ থেকে বেড়িয়ে শুরু হল জীবনের এক নতুন অধ্যায়। দেখলাম এখানের খেলাটা একটু আলাদা ধরনের। এ হলো মেধার দৌড়। এ দৌড়ে নিজেকে অনেক দুর্বল মনে হতো কারণ ক্যাডেট কলেজে আমাদের প্রতিযোগী ছিল মাত্র ৫৫ জন, আর এখানে ২০০৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করা প্রায় সকল ছেলে এবং মেয়ে। ওমেকায় যখন কোচিং করতে যেতাম তখন মনে হতো আমি এত কম পারি কেন এবং অন্য ছেলমেয়েরা এত মেধাবী কি করে হয়! সবাই দেখতাম অনেক কঠিনভাবে পরীক্ষা, বাড়ির কাজ করত যা আমরা রীতিমত ফাঁকি দিয়ে এসেছিলাম। কলেজে ফাঁকিবাজি করাটা ছিল একটা রেওয়াজ । কেমন জানি করে বাজাইতে বাজাইতে বায়েন হয়ে আমিও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পেয়ে গেলাম। বুয়েটে পড়ালেখা করে আমি যতটা না ঋণী তার চেয়ে অনেক অনেক বেশি গুনে ঋণী যে বুয়েট আমাকে এমন এমন বন্ধু দিয়েছে, যাদের আমি আমার জীবনের কোন পর্যায়ে ভুলতে পারব না। বুয়েট জীবনের একটি একটি করে দিন কাটতে লাগল আর নিজের অসহায়ত্ব টের পেতে লাগলাম। বুঝতে শিখলাম নিজের অজ্ঞতা এবং নিজের অনেক কিছু শিখতে হবে। কিছুই যে জানিনা এই অনুভতি প্রতিটি মানুষের জীবনে থাকা উচিৎ বলে মনে করি। এদিক থেকে বুয়েটের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। দিন যায় বন্ধুদের সংখ্যা বাড়তে থাকে। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কেটেছে ক্যাম্পাসে আড্ডা দিয়ে। বন্ধুগুলো যেন অসাধারণ। তাদের প্রতিটি কথায়, কার্যকলাপে আমি কেমন জানি একটা আপন হওয়ার ভাষা খুজে পাই। কেউ আমাকে নিয়ে ঠাট্টা করলেও যেন মনে হয়, সেখানে আমার প্রতি তার ভালবাসা লুকিয়ে আছে। মনে হয় যাকে পছন্দ করা যায় না, তাকে নিয়ে ঠাট্টাও করা যায় না। কেমন জানি করে আড্ডা দিতে দিতেই একদিন দেখলাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে।জীবনের কোন অনুষ্ঠানের কথা একবারেই মনে চলে আসে কোন ভাবনা ছাড়াই তা হল আমাদের র্যা গের র্যা্লি। শেষের দিকে অনেক কষ্ট পেয়েছিলাম ০৪ বি, ই.ই.ই হয়ে ফুটবল ফাইনালে পরাজয়ের পরে। আজ অনেক মনে পড়ছে র্যা গের সেই রঙ্গিন দিনগুলির কথা। শেষ বিদায়টা কেমন জানি আমাদের নাচতে নাচতেই গিয়েছে। মনে হয়েছে আমরা একে অপরকে ছেড়ে যাচ্ছি কেমন জানি এক দুঃখের নাচ নেচে। অনুষ্ঠানের শেষদিন ছিল ডি.জে। সেদিন রাতের শেষের দিকে সবাই বুয়েটের শহীদ মিনারে এক হই, আড্ডা দেই। সবাই তাদের নিজের অনুভতিগুলো বলতে থাকে, ভোর হয়ে যায় তবুও শেষ হয় না আমাদের সেই কথাগুলো। একসময়ে সবাই সবাইকে ধরে কাঁদতে থাকি। কেউ কেউ আড়ালে গিয়ে চোখ মুছতে থাকে। আবার মনে হয় কি যেন একটা, অনেক কাছের, কিন্তু অপার্থিব বস্তুকে সবাই ছেড়ে যাচ্ছি। সবার মনেই সবাইকে ছেড়ে যাওয়ার কষ্ট।
বুয়েট থেকে বের হয়ে শিক্ষকতা শুরু করি। অনেক কিছু উপলব্ধি করা শুরু করি যা হয়তো আগে হেসে খেলেই উড়িয়ে দিতাম। জীবনের আবছায়া অধ্যায়গুলো আরো কাছে চলে আসে। ফ্যাকাসে ভবিষ্যতগুলোকে ধীরে ধীরে চোখ মেলে উপলব্ধি করার চেষ্টা করি। এভাবেই কয়েকটি বছর কেটে যায় জীবন থেকে। ঠিক কি করলে জীবনের আসল অর্থ খুজে পাওয়া যাবে তা বুঝতে আমার কিছুটা সময় লেগে যায়। এক সময়ে ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করি। চাকুরী জীবনের কিছুটা সময় এখানে কাটিয়েছি। তবে এখানে এসে আমি জীবনের কিছু প্রশ্নের উত্তর পেয়েছি। শিক্ষকতাকে একটি পেশা না শিল্প মনে করার একটি সুযোগ পেয়েছি। ছাত্রছাত্রীদেরকে অনেক কাছে থেকে বোঝার একটা প্রয়াস ছিল আমার। ছাত্রছাত্রীদের পড়ানোর চেয়ে পড়ার জন্য আগ্রহ সৃষ্টি করে দেওয়াটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি ছাত্রছাত্রীদের অনেক কাছে থেকে সাহায্য করার চেষ্টা করেছি। লক্ষ্য করেছি এই বয়সটা একটু আলাদা ধরনের। বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ছেলেমেয়েদের মাথায় অনেক ধরনের চিন্তা ঘুরপাক খায়।অনেক কিছু ভাল জিনিস খারাপ লাগে, আবার খারাপ জিনিস ভাল। উপলব্ধি করেছি পড়ালেখার মজাটা যদি একটু এদের মনে ঢুকিয়ে দেওয়া যেত তাহলে মন্দ হতো না। পড়ালেখার আসল মজাটা হলো যা পড়ছি সেই জ্ঞান কাজে লাগিয়ে কিছু তৈরি করার মাঝে। ওদেরকে ছোট বড় নানা জিনিস বানানো শিখিয়ে আনন্দ পেয়েছি। যখন ওরা জেনারেটর বানিয়ে আমার সামনে এসে বলেছে, “স্যার আমরা জেনারেটর বানিয়েছি”। “আমরা এখন হাত দিয়ে প্রাইম মুভার ঘুরিয়ে ভোল্টেজ জেনারেট করতে পারি” তখন মনে হয়েছে আসলেই ওরা পড়ালেখা করে আনন্দ পাচ্ছে। সৃজনশীলতা যতই ছোট হোক না কেন, সৃষ্টি করার পড়ে এর আনন্দটা আসলেই বিশাল। কিছুদিন আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে আসলাম। দেখছিলাম ওদের অনেক কষ্ট হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ মানুষকে আমার আস্বাভাবিক ভাল লেগেছে। ভাল লেগেছে ছাত্রছাত্রীদের। তাদের উৎফুল্লতা ও জ্ঞান আকাংখা দেখে আমি নিঃসন্দেহে বলে দিতে পারি এরা একদিন অনেক বড় সাফল্যকে ছিনিয়ে আনবে। শেষের দিন যখন আমার বিভাগীয় প্রধানের কাছ থেকে বিদায় নিতে গেলাম, উনি আমার জন্য কিছু কথা বললেনঃ উপদেশের মাঝে একটি ছিল “শিক্ষকতা কখনো ছেড়ে দিও না”। পরিশেষে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলেন। এবার নিজের ভেতরে লুকানো অনুভতিকে লুকিয়ে রাখতে পারলাম না, চোখ থেকে কয়েক ফোঁটা পানি মাটির উদ্দেশ্যে ছেড়ে দিলাম।
আজ অনেক রাত জেগে লিখছি কারণ আজ মনে হচ্ছে আমার ভেতরের কথাগুলো কোথাও স্মৃতি করে রাখা দরকার। দুদিন পরে দেশ ছেড়ে যাচ্ছি, অনুভতিগুলো এমন যেন, আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। বন্ধুদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে মনে হচ্ছে, আর দেখা হবে না করো সাথে এভাবে। মনে হচ্ছে নাড়ির টানে বাঁধা আমি কোথায় যাচ্ছি! কিসের আশায়! কেন তা বুঝতে পারছিনা। দেশে দূরে থেকেও এমন অনুভতি কখনোই হয়নি, তবে দেশ ছেড়ে যাওয়ার সময়ে কেন! আজ দু-তিনদিন ধরে কোন কাজে মন বসাতে পারছিনা। ব্যাগ গুছানোর সময়ে দেখছি মায়ের চোখ থেকে পানি পড়ছে। নিজে আড়ালে গিয়ে কষ্ট পাচ্ছি। কখনোই ভাবিনাই দেশ ছাড়া, বন্ধুদের ছাড়া, পরিবারকে ছাড়া এতটা কষ্টের!!!
ছোটবেলা থেকেই পড়েছি সময় এবং নদীর স্রোত কখনো থেমে থাকে না। তবে আজ আমার অনেক ইচ্ছে, আমি বন্ধুদের সাথে কাটানো সময়গুলোকে বেঁধে রাখব,সাথে করে রেখে দেব সেই সময়কে যখন মা মুখে তুলে খাওয়ায়ে দিতেন। আমার ছাত্রছাত্রীদের মুখের হাসিকে বন্দী করে রাখব হৃদয়ের মাঝে। সব ভালবাসাগুলোকে এক সাথে করে আটকিয়ে রাখব আমার মনের পিঞ্জিরায়। আর জীবনের স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলব আজানার পথে। সেখানে যখন পথ হারিয়ে ক্লান্ত হয়ে পড়ব, তখন সেই মনের পিঞ্জিরা থেকে বের করে কাটাব এই মধুর সময়গুলো............................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

