বিজয়ের মনটা আজ অনেক খারাপ। বারান্দায় দাঁড়িয়ে শুধুই আকাশ দেখছে। রাতের আকাশে আজ অনেক তারা। ভাবছে কত বিশাল এই আকাশটা! কত সুন্দর করে সৃষ্টিকর্তা সাজিয়েছেন এই আকাশটাকে। খারাপ লাগার মাঝে আকাশ দেখলে বিজয়ের মন আরো খারাপ হয়ে যায়। তবে এ খারাপ লাগাও যেন তার ভাল লাগে। মাঝে মাঝে চিন্তা হয় খারাপ লাগার মাঝেও কোথাও যেন একটা ভাল লাগা লুকিয়ে আছে। এসব নিয়ে বেশি চিন্তা করতে গিয়ে আবার আগের কথাগুলো মনে পড়ে যায়। অনেক আক্ষেপ হয় সৃষ্টিকর্তার প্রতি। মনে মনে ভাবতে থাকে কেন মানুষের মন আকাশের মত বড় করেনি সৃষ্টিকর্তা! কেন পৃথিবীটাকে তারার মত সাজিয়ে রাখেনি! কেমন যেন অন্য জগতে অন্য রাস্তা দিয়ে হাঁটছিল বিজয়। হাঁটতে গিয়ে একটু হোচট খাওয়ার মত হলো। ফোনটা বাজছে এতক্ষণ পরে টের পেল।
ফোনটা ধরতেই ওপার থেকে পুরানো কণ্ঠ ভেসে আসলো। শুধু একটি শব্দই চরমভাবে কানে আঘাত করলো, তা হলো “সম্ভব না”। বিজয়ের ছোটবেলার বান্ধবী শিউলী। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। বন্ধু হওয়ার জন্য যা দরকার, সবটুকুই আছে বিজয়ের মাঝে। ছোটবেলা থেকেই পাশাপাশি বড় হয়েছে। কখনো আলাদা করে ভাবেনি তারা বন্ধু না বান্ধবী। শিউলীকে বিজয় শেলী বলে ডাকে। আজ শেলীর এই একটি কথায় যেন বিজয়ের মনটুকু ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ছোটবেলার বন্ধুকে যে কখন ভালবেসে ফেলেছে বিজয় তা কখনো বুঝতে পারেনি। আজ যখন শেলীর বিয়ের প্রস্তাব এল, বিজয় কেমন যেন মানতে পারছিল না। বন্ধুত্ব হারানোর ভয়ে আপন করে নিতে চাইল শেলীকে। আর সে আপন করতে চাওয়ার অপরাধের শাস্তি হিসেবে চরম আঘাতে জর্জরিত বিজয়। অনেক মিলই তো রয়েছে তাদের মাঝে। কি জানে না একজন আরেকজনের সম্পর্কে? বিজয় বুঝতে পারছে কেন এমন জবাব পেয়েছে সে। মাঝে মাঝে অবাক হয়ে চিন্তা করে ধর্ম নামের এই শব্দটা পৃথিবীতে আছে বলেই তাদের মাঝে এখন এত দুরত্ব। বিজয় নাস্তিক না। মনে প্রানে বিশ্বাস করে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছে। তবে তার বিশ্বাস একটাই, “মানবধর্মের উপরে কোন ধর্ম আর এ পৃথিবীতে নেই”। সকল ধর্মেরই একই কথা। সে কথার সারমর্ম হলো যে সংসারকে পরিবারজন শান্তিতে রাখতে চায় সে সংসারে কখনো দুঃখ আসেনা। এমন কথা ভেবে আর কি হবে! যে শেলী তাকে এত ভালবাসতো সেই তো এখন এই একটি অমিলের জন্য বাঁধা পড়ে আছে। এই অমিলের বাঁধাকে ছিন্ন করে আসতে পারছেনা ভালবাসার টানে। ভালবাসার মানুষকে বলতে পারছেনা ভালবাসি।
ছোটবেলার কথা খুব মনে পড়ছে বিজয়ের। সেখানে বন্ধুরা পিঁপড়ার মাঝেও ধর্ম খুঁজে বের করতো। একদিন খুব কেঁদেছিল বিজয়। কারণ ছিল নিতান্তই নগন্য। তার এক বন্ধুকে লাল পিঁপড়া কামড় দিয়েছিল আর কাল পিঁপড়া কামড় না দেওয়ায়, বন্ধুরা লাল পিঁপড়াকে হিন্দু পিঁপড়া বলে ডাকা শুরু করেছিল। ছোট্ট বিজয়ের ছোট্ট মনে অনেক আঘাত লেগেছিল। শেলীর কাছে এসে হু হু করে কাঁদা শুরু করেছিল। বলেছিল “পিঁপড়ার মাঝেও ধর্ম খুঁজে না বের করলে হয় না”!! আজ আবার সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে বিজয়ের। কিন্তু আজ কার কাছে গিয়ে কাঁদবে, বিজয় বুঝে উঠতে পারছেনা। কারণ আজ শেলীও একই চিন্তা করছে। হয়তো বিজয়কে লাল পিঁপড়া মনে করছে।
বিজয়ের কাছে ধর্মের সংজ্ঞা একটু আলাদা। ছোট্টবেলা থেকেই সে কেমন যেন মানুষকে আলাদা করার চিন্তাগুলোকে সহ্য করতে পারেনা। তার কাছে মনে হয় আমরা সবাই ধর্মের প্রকৃতরূপকে বিকৃত করছি। যা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে তা আসলে ধর্ম না। তা হচ্ছে গুটিকতক মানুষের সুবিধাবাদিতা। যে সুবিধাবাদিতাতেই মত্ত এখন পুরো পৃথিবী। সবাই সবার ধর্মকে শ্রেষ্ঠ বানানোর যুদ্ধে লিপ্ত। আর যেখানে যুদ্ধ সেখানেই ধর্মের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আজকের পৃথিবীতে সকল ধর্মগ্রন্থই ঠিক শুধু বাঁকা হয়ে গিয়েছে আমাদের মানসিকতা। আর এই মানসিকতার জালে কোন না, কোন খানে আটকা আমরা সবাই। কেউ বের হতে পারছিনা।
আবার শেলীর কথা মনে পড়ে যায় বিজয়ের। শুধু বার বার মনে একই প্রশ্ন জাগে তাই বলে শেলীও এমনভাবে!! পৃথিবীর সকল মানুষের চেয়ে শেলীকে একটু আলাদা করে চিন্তা করতো বিজয়। শেলীকে মনে করতো সবচেয়ে উদার মানসিকতার মেয়ে। কিন্তু না! আজ শেলীও দেখি সেই ধর্মের জালে বাঁধা পড়েছে। অনেক ছটফট করছে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু কিছুতেই ছেড়ে আসতে পারছেনা সেই মায়াজাল থেকে। বিজয় জানে এ মায়াজাল একটু একটু করে বোনা হয় প্রতিটি মানুষের মনে। সকল ধর্মের মানুষেরা এই মায়াজালে আবদ্ধ। ছোটবেলা থেকে তাঁরা ধর্মের উদারতা না শিখলেও, আগে শিখে ফেলে কেমন করে অন্য ধর্মকে ঘৃনা করা যায়, ছোট করা যায়। এ যেন কেমন এক পশুত্বের খেলা। এ খেলা কে শিখিয়েছে মানুষকে! যে খেলায় কালে অকালে হানাহানি লেগেই আছে। মরছে মানুষ, কাঁদছে প্রতিনিয়ত কিন্তু তবুও থামছেনা কেউ। কিছুদিন পর পর যেন আবারো নতুন উদ্যমে নতুন আমেজে শুরু হয় এই পশুত্বের লড়াই।
বিজয়ের জন্ম ১৬ই ডিসেম্বর। বাবা-মা অনেক শখ করে নাম রেখেছিল বিজয়। বাবা ছিল প্রচন্ড দেশপ্রেমিক। বাবার কথাগুলো আজও মনে পড়ে বিজয়ের। বাবা বলতো, “দেশে বিজয় এসেছে কেন জানিস?” কারণ দেশের সব মানুষ মুক্তিযুদ্ধে, এক ধর্মে বিশ্বাসী হয়ে যুদ্ধ করেছিল। আর সে ধর্মের নাম ছিল “বাঙ্গালীপনা”।
চোখ ভরে যায় জলে। কতবার এই কথাগুলো শুনেছে শেলী!! শেলী অনেক পছন্দ করতো বিজয়ের বাবাকে। আজ বাবা নেই। শেলীও ভুলে গিয়েছে বাঙ্গালীপনা। সব কষ্টগুলো কেন জানি একসাথে জাঁকিয়ে ধরেছে বিজয়কে। বুকটা যেন আগ্নেয়গিরির মত হয়ে উঠেছে। আগুন জ্বলছে কিন্তু তা নেভাবার মত উপকরণ নেই বিজয়ের কাছে। আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে ডেকে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কেন তুমি পৃথিবীতে একটি ধর্মকে সৃষ্টি করোনি? কেন মানুষের বর্ন আলাদা আলাদা বানিয়েছ? কেন তুমি সবাইকে সমান সম্পদ দাও নি? কেন তুমি পৃথিবীকে সাজাওনাই আকাশের তারার মত অথবা ফুলের পাপড়ির মত যেখানে মন্দের কোন আশ্রয় নেই, শুধুই আছে সুন্দর এবং তাদের সৌন্দর্য??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

