আমেরিকা এসেছি আজ প্রায় চার মাস পেরিয়ে গেল। কিছুদিন আগে পর্যন্তও মনটা অনেক খুশি খুশি থাকত, ভাল লাগতো সবকিছুতে, আনন্দ পেতাম ছোট ছোট ব্যাপারে। কিন্তু এখানে আসার পরে কেন জানি একটা অশান্তি কাজ করে মনের মাঝে, মনে হয় এখানে দেশের আগে একটা ‘বি’ লাগানো আছে। এভাবেই চলছে, মানিয়ে নিয়েছি সবকিছুর সাথে। মনের মত সবকিছু না হলেও মনকে সবকিছুর মত করে চালিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমাকে আর আগের মত পুরানো ঢাকার মানুষের চিৎকার শুনে ঘুম থেকে উঠতে হয় না। এখন আমি চাইলেও রিকশা পাই না। রিকশা থেকে নেমে কোন রিকশাওয়ালা মামা আমাকে বলে না যে, “মামা পাঁচটা টাকা বাড়িয়ে দেন”। রাস্তা দিয়ে হাঁটার সময়ে গায়ে ধুলোবালি লাগে না। অফিসে যাওয়ার আগে এবং পরে দু’বার গোসল করতে হয় না। রাস্তার পাশ থেকে ডাস্টবিনের গন্ধ পাই না এখন। মাথার উপরে কাক ডাকে না বা বাসায় এসে কাকের কারণে জামা পরিস্কার করতে হয় না। লোকাল বাসে উঠতে হয় না। বাসে উঠতে কেউ ধাক্কা দেয় না। এখানে বাসে উঠে আমি কাউকে পাই না, কোন মানুষ দেখি না। কেউ দু এক টাকার বাস ভাড়ার কারণে ঝগড়া করে না। এখন ঘুম থেকে উঠার জন্য মা ডাকে না। বলে না যে “আয় বাবা নাস্তা থেতে আয় অফিসে যেতে দেরি হয়ে যাবে”। ধানমন্ডি লেকের মত ছেলেদেরকে দেখি না গিটার নিয়ে গলা ছাড়িয়ে বাংলা গান গাইতে। রিকশায় উঠে পাশে বসে থাকা বান্ধবীর গলায় রবীন্দ্রসংগীত শুনিনা। এখানে আমি বুড়িগঙ্গার নোংরা পানির গন্ধ পাই না। কোন মাঝি থাকে না এখানের মিসিসিপি নদীতে, যে আমাকে নৌকা নিয়ে সারা বিকাল ঘুরিয়ে দেখাবে। পুরানো ঢাকার স্টারের বিরিয়ানি অথবা নান্না মিয়ার মোরগ পোলাও খেতে পারি না। দোকানে গিয়ে অনেক ফলমূল দেখি, কিন্তু শুধুই তাকিয়ে থাকি। কারণ এখানের আমের মাঝে সেই স্বাদ পাই না, যা কিনা পাশের বাসার আমগাছ থেকে চুপচুপ করে নিয়ে আসা আমের মাঝে ছিল। সুইমিং পুলে সাঁতার কাটি, নীল পানির মাঝে তাকিয়ে কংক্রিট দেখতে পাই। কাদামাটি দেখি না। পুকুরে নেমে ঘোলা পানিতে একটু সাঁতার কাটতে পারিনা। রাতের বেলা ক্ষুধা পেলে পলাশীর মোড়ের ডিম, পরাটা পাই না। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে পারিনা। শহীদ মিনারে বসে বন্ধুদের সাথে চুটিয়ে বাংলায় আড্ডা দিতে পারি না। চিৎকার দিয়ে গলা ফাটিয়ে আমার বন্ধুদের গালি দিয়ে মন খুলে হাসতে পারি না। এখন আমার অনেক গর্ববোধ হয় যখন আমি কলকাতার বাংলা সিনেমায় বলতে শুনি বাংলাদেশের মাতৃভাষা বাংলা, ওদের দেশে বাংলার অধিক চর্চা হয় এবং ওরা ওদের দেশ ও মাতৃভাষাকে অনেক বেশি ভালবাসে। ফেসবুকে বাংলা লিখে এবং পড়ে পরিতৃপ্ত হই।
বিদেশ আসার পরে কেমন জানি মনের খোরা্ক গুলোকে একটু একটু করে হারিয়ে ফেলছি। দেশে থেকে সবকিছু দেখে যেমন বিরক্ত হতাম বিদেশে থেকে এখন সেই বিরক্ত লাগার বিষয়গুলোকে আকাঙ্ক্ষিত স্বপ্নের মত লাগে। যেদিন আমি স্বপ্নে বাংলাদেশে যাই সেদিন ঘুম থেকে উঠে কেমন জানি মনটা ভাল থাকে। মনে হয় দেশের ধুলোবালি লাগিয়ে আবার আমি খাঁটি হয়ে ফিরেছি।
আমার বন্ধু এক সময়ে আমাকে বলেছিল দেশ যে কি তা নাকি বিদেশে না আসলে বোঝা যায় না। কথাটা তখন ততটা পাত্তা দেয় নাই। এখন আসলেই বুঝি দেশটা আমাদের কাছে কতটাই না প্রিয়! অনেক কিছুর অভাব থাকা স্বত্তেও আমি একটি জিনিসের অভাব কখনোই অনুভব করিনাই তা হলো আত্মার পরিতৃপ্তি। আমাদের দেশের সবাই একটুতেই অনেক খুশি হয়ে যায়। সুখটাই যেন সবার প্রতিদিনের সঙ্গী। যেদিন বাংলাদেশ ক্রিকেটে কোন দেশকে হারিয়ে দেয় সেদিন রাস্তার টোকাই থেকে শুরু করে সবচেয়ে উঁচু দালানের মালিক পর্যন্ত সবাই খুশি থাকে। আমাদের মত এত ছোট দেশে ১৬ কোটির বেশি মানুষ নিয়ে আমরা এখনো এত সুখে আছি, এর চেয়ে বেশি আর কি পাওয়া থাকতে পারে!!
অনেক সময় মনে মনে গালি দিয়েছি অনেককে। কখনো রাজনীতিবিদদের, কখনো ব্যবসায়ীদের কখনো সমাজের বিভিন্নশ্রেনীর মানুষদের। মনে হয়েছে আসলে ঘৃনা রেখে অথবা গালি দিয়ে আমরা হয়তো নিজের মনের ক্ষোভকে শান্ত করতে পারব কিন্তু এই সোনার বাংলাদেশকে আরো সুন্দর করে সাজাতে পারব না। কারণ হিসেবে আমি কাউকেই দায়ী করছিনা। মনে হয়েছে এই আমি যখন বিদেশে থেকে নিজের হাতের ময়লাটুকু হাতে করে ধরে রাখি, ডাস্টবিন না পাওয়া পর্যন্ত, সেই আমিই হয়তোবা দেশে গিয়ে রাস্তায় ময়লা ফেলব। হয়তোবা খেয়ালই থাকবে না এইটা করা অন্যায়!! অথচ নিজের ঘরের ময়লাটুকু ঠিকই হয়তো ডাস্টবিনে ফেলব। কারণ একটাই আমরা সবাই এক সময়ে ভুলে যাই যে দেশটা আমাদেরই ঘর!! এটাকে নোঙ্গরা করলে একসময়ে আমাদেরই খারাপ লাগবে। একটু বৃহৎভাবে চিন্তা করলে আমদের সকল অসৎ কাজকর্মকে এই নোংরা করার সাথে তুলনা করা যায়। সে কিনা ঘুষ নেওয়া বা দেওয়াই হোক না কেন। আসলে আমরা যা যা অসৎ কাজ করছি তাতে করে আমাদের দেশের সবকিছুই নোংরা হচ্ছে। ভাল ভাল মানুষরা আগে থেকেই আতংকিত হচ্ছে এইসব নোংরামি দেখে। নেতৃত্ব দেওয়া তো দুরের কথা, রাজনীতির নাম শুনলেই ঘৃনা বেরিয়ে আসছে তাদের চোখে মুখে।
সোনার দেশকে আরো সুন্দর করার জন্য আসলেই আমাদের দেশীয় সংস্কৃতিকে আঁকড়ে ধরতে হবে। বুঝতে হবে একুশে ফেব্রুয়ারী আমাদের জন্য কি ছিল!! এদিনটি শুধুই শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য না। আমাদের মায়ের ভাষাকে রক্ষা করতে আমাদেরই মত দেশের নাগরিকরা নিজের প্রাণ দিতে দ্বিধাবোধ করেন নাই। বুঝতে হবে ২৬শে মার্চকে, ১৬ই ডিসেম্বরকে। ৯ মাস যুদ্ধ করে আমাদের জন্যই একটি স্বাধীন দেশ রেখে গিয়েছেন আমাদের মুক্তিযোদ্ধারা। তাঁরা নিজেদের জীবন দিয়েছেন আমাদের এই দেশের জন্য যাতে করে আমরা একটু স্বাধীনভাবে চিন্তা করতে পারি, স্বাধীনভাবে বলতে পারি এ আমার বাংলাদেশ। তাদের ত্যাগের কথা প্রকৃতভাবে অনুভব করলে আসলে আমাদের নিজেকে অনেক ছোট মনে হবে। কখনোই এমন কাজ করতে পারব না যার জন্য আমাদের দেশের স্বার্থ ক্ষুন্ন হয়।
কাউকে গালি দিয়ে না, শুধুই দেশীয় আদর্শে আসুননা আমরা আরেকটিবার একত্রিত হই, শুধুই প্রকৃত বাংলাদেশী হওয়ার অঙ্গিকার নিয়ে। যেখানে সকল স্বার্থকে ত্যাগ করে, সবার আগে দেশীয় চেতনায় মেতে উঠব। আমাদের ছেলেমেয়েকে শিক্ষা দেব, কেন আমরা এত ত্যাগের বিনিময়ে দেশকে স্বাধীন করেছি!! এমনভাবে শিক্ষা দেব যেন সবাই জাতীয় সংগীত গাওয়ার সময়ে মন থেকে অনুভব করে, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

