[গাঢ়]স্টেশন ভাসিয়ে বৃষ্টি[/গাঢ়]
[ইটালিক]শক্তি চট্টোপাধ্যায়[/ইটালিক]
মনে পড়ে স্টেশন ভাসিয়ে বৃষ্টি রাজপথ ধ'রে ক্রমাগত
সাইকেল ঘন্টির মতো চলে গেছে, পথিক সাবধান...
শুধু স্বেচ্ছাচারী আমি, হাওয়া আর ভিক্ষুকের ঝুলি
যেতে-যেতে ফিরে চায়, কুড়োতে-কুড়োতে দেয় ফেলে
যেন তুমি, আলস্যে এলে না কাছে, নিছক সুদূর
হয়ে থাকলে নিরাত্মীয় ; কিন্তু কেন ? কেন, তা জানো না ।
মনে পড়বার জন্য ? হবেও বা । স্বাধীনতাপ্রিয়
ব'লে কি আক্ষেপ ? কিন্তু বন্দী হয়ে আমি ভালো আছি ।
তবু কোনো খর রৌদ্রে, পাটকিলে কাকের চেরা ঠোঁটে
তৃষ্ণার চেহারা দেখে কষ্ট পাই, বুঝে নিতে পারি
জলের অভাবে নয়, কোন টক লালার কান্নায়
তার মর্মছেঁড়া ডাক ; কাক যেন তোমারই প্রতীক
রূপে নয়, বরং স্বভাবে - মনে পড়ে, মনে পড়ে যায়
কোথায় বিমূঢ় হয়ে বসে আছো হাঁ-করা তৃষ্ণায় !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




